বরাক তরঙ্গ, ২৪ নভেম্বর : লাচিত দিবসের গৌরবোজ্জ্বল দিনে দেরগাঁওয়ের লাচিত বরফুকন পুলিশ অ্যাকাডেমিতে আয়োজিত অসম পুলিশের দীক্ষান্ত সমারোহে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। অনুষ্ঠানে অসম পুলিশের সশস্ত্রবিহীন শাখার নবনিযুক্ত কনস্টেবল এবং যোগাযোগ শাখার ক্যাডেট সাব-ইনস্পেক্টরদের পাসিং আউট প্যারেডের অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী।
মহাবীর লাচিত বরফুকনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে প্রশিক্ষণ সম্পন্ন করা ৮ জন ক্যাডেট সাব-ইনস্পেক্টর এবং ১,৬৫৩ জন নবনিযুক্ত কনস্টেবলকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। নবনিযুক্ত কনস্টেবলদের মধ্যে ৪৭৪ জন মহিলা এবং ১,১৭৯ জন পুরুষ রয়েছেন।

এদিন অসম পুলিশের বিশেষ অভিযান পরিচালনার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গঠিত স্মার্ট রেসপন্স ইউনিটস (এসআরইউ)-এর অধীনে আরবান ইন্টারভেনশন ইউনিট এবং জঙ্গল ইন্টারভেনশন ইউনিটের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

অনুষ্ঠানে অসম পুলিশের সম্প্রসারণ ও শক্তিশালীকরণের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগামী বছর থেকে লাচিত বরফুকন পুলিশ অ্যাকাডেমির দ্বিতীয় পর্যায়ের সম্প্রসারণের কাজ শুরু হবে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে অসম পুলিশের ৫,৭৭৪টি পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। পাশাপাশি অসম পুলিশের জন্য একটি এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)-এর জন্য আরও একটি নতুন ব্যাটেলিয়ন গঠন করা হবে।
মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, নবনিযুক্ত পুলিশকর্মীদের নিষ্ঠা, সাহসিকতা ও সেবার মানসিকতা অসম পুলিশকে আরও শক্তিশালী করে তুলবে। একই সঙ্গে রাজ্যবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রে এই নতুন নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এ দিকে, ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে অসম পুলিশে কনস্টেবল নিয়োগের পরীক্ষা। মোট ৫,৭৭৪টি কনস্টেবল পদে এ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্বশর্মা।
বিভিন্ন বিভাগে শূন্যপদের সংখ্যা হলো—
অসম পুলিশে ২,২৩৪টি পদ।
এপিআর (APR)-এ ৬৮৪টি পদ।
অগ্নিনির্বাপক বাহিনীতে ৪৯০টি পদ।
বন বিভাগে ১,৩০৭টি পদ।
হোমগার্ডে ৮২৭টি পদ।
কারা বিভাগে ১৯১টি পদ।



