বরাক তরঙ্গ, ২৪ নভেম্বর : অসমমালা প্রকল্পের অধীনে নির্মীয়মাণ সড়কের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে হাইলাকান্দি জেলার আয়নাখাল তেমাথায় বড়সড় উচ্ছেদ অভিযান চালাল জেলা প্রশাসন। সোমবার প্রশাসনের উদ্যোগে বুলডোজার নামিয়ে সরকারি জমি দখল করে গড়ে ওঠা একাধিক দোকানপাট ও বসতবাড়ি সরিয়ে দেওয়া হয়। এই অভিযানকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যায়।
প্রশাসন সূত্রে জানা গেছে, শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর থেকে আয়নাখাল চা-বাগানের মধ্য দিয়ে ৬ নম্বর জাতীয় সড়কের সঙ্গে সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ সড়কটির নির্মাণকাজ দীর্ঘদিন ধরে জমি দখল সংক্রান্ত সমস্যার কারণে বাধাপ্রাপ্ত হচ্ছিল। বিশেষ করে আয়নাখাল তেমাথা এলাকায় সরকারি জমি দখল করে দোকানপাট ও বসতবাড়ি গড়ে ওঠায় সড়ক নির্মাণের কাজে বিঘ্ন সৃষ্টি হয়। এই সমস্যা নিরসন করতেই জেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হয়।

উল্লেখ্য, আয়নাখাল তেমাথা দীর্ঘদিন ধরেই আশপাশের বিস্তীর্ণ এলাকার মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র হিসেবে পরিচিত। ফলে এই এলাকায় প্রশাসনের উচ্ছেদ অভিযান ঘিরে বিশেষ গুরুত্ব তৈরি হয়েছে।
অভিযান শুরুর আগে স্থানীয় বিধায়ক ড. মিলন দাস এবং জেলা আয়ুক্ত জয় বিকাশ সরেজমিনে এলাকাটি পরিদর্শন করেন। তাঁরা ক্ষতিগ্রস্ত দোকানদার ও বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং সড়কটির গুরুত্ব ও বৃহত্তর উন্নয়নের স্বার্থে সরকারি জমি ছেড়ে দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ ক্ষেত্রে স্থানীয়দের সহযোগিতার জন্য বিধায়ক তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রশাসনের মতে, প্রস্তাবিত সড়কটির নির্মাণকাজ সম্পূর্ণ হলে রামকৃষ্ণনগর, আয়নাখাল চা-বাগান এবং ৬ নম্বর জাতীয় সড়কের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সুদৃঢ় হবে। এর ফলে যাতায়াত ও পরিবহণ ব্যবস্থার উন্নতির পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। সামগ্রিকভাবে সংশ্লিষ্ট এলাকার আর্থসামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই সড়ক।
উন্নয়নমূলক প্রকল্পের কাজ এগিয়ে নিতে সরকারি জমি দখলমুক্ত করার এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে প্রশাসন।



