হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তিন জাহাজে আগুন

Spread the news

২৪ নভেম্বর : কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাতের পর তিনটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটির দাবি, জাহাজগুলোকে মার্কিন সামরিক বাহিনী পাহারা দিলেও বিস্ফোরণ ও আগুন ঠেকানো যায়নি। সোমবার রাতে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ আইআরজিসির বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, গত কয়েক ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তিনটি তেলবাহী জাহাজ নৌমাইনে আঘাত হানে। এতে জাহাজগুলোতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়।

জাহাজের মালিক, ক্যাপ্টেন ও শিপিং কোম্পানিগুলোকে সতর্ক করে আইআরজিসি জানায়, মার্কিন সামরিক বাহিনীর পাহারা বা নিরাপত্তা সামুদ্রিক নিয়মকানুন এবং আইআরজিসির নৌবাহিনীর ট্রাফিক কন্ট্রোল সেন্টারের নির্দেশনা মানার বিকল্প হতে পারে না।

বিবৃতিতে আরও হুঁশিয়ারি দেওয়া হয়, অনুমোদনহীন পথে চলাচল কিংবা জারি করা সতর্কবার্তা অমান্য করাকে আগ্রাসী শক্তির সঙ্গে সহযোগিতা হিসেবে বিবেচনা করা হবে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ঘোষিত নিয়ম অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে আইআরজিসির এসব দাবির বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। জাহাজগুলোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তথ্যসূত্র: দ্য জেরুজালেম পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *