জনসংযোগ, শিলচর।
বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর : শিলচরের জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে আগামী ২৬ নভেম্বর মেহেরপুরস্থিত শিলচর পলিটেকনিকে ‘জব মেলা/মিনি রিক্রুটমেন্ট ড্রাইভ, ২০২৬’ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়া চলবে। এর মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীরা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে বিজ্ঞাপিত শূন্যপদগুলিতে কর্মসংস্থানের সুযোগ পাবেন।
রাজ্যের কর্মসংস্থান কারিগরি ও প্রশিক্ষণ বিভাগের অধীন শিলচরের সহকারী সঞ্চালকের কার্যালয়ের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়ার আয়োজন করা হয়েছে।
এই নিয়োগ প্রক্রিয়ায় কারিগরি ও অকারিগরি উভয় বিভাগেই শূন্যপদ রয়েছে। অকারিগরি বিভাগের পদগুলির মধ্যে রয়েছে অ্যাকাউন্ট্যান্ট, ফ্রন্ট অফিস অ্যাসোসিয়েট, ফুড অ্যান্ড বেভারেজ (F&B) অ্যাসোসিয়েট এবং হাউসকিপিং অ্যাসোসিয়েট অন্যদিকে কারিগরি বিভাগের শূন্যপদগুলির মধ্যে রয়েছে ফিটার, মেকানিক্যাল এবং ইলেকট্রিশিয়ান পদ।

অকারিগরি বিভাগের পদগুলির জন্য দশম বা দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ প্রার্থীদের পাশাপাশি স্নাতকরাও সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও প্রয়োজনীয় শর্তাবলি সাপেক্ষে আবেদন করতে পারবেন। কারিগরি বিভাগের পদগুলির ক্ষেত্রে আইটিআই যোগ্যতাসম্পন্ন অথবা ইলেকট্রিক্যাল কিংবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছর মেয়াদি ডিপ্লোমাধারী প্রার্থীরা অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত হবেন।
আগ্রহী প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সময় নিজেদের বায়োডাটা, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন কার্ড এবং সমস্ত প্রাসঙ্গিক মার্কশিট ও শংসাপত্রের মূল কপি যাচাইয়ের জন্য সঙ্গে নিয়ে আসতে হবে।

জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্র, শিলচরের পক্ষ থেকে যোগ্য ও আগ্রহী চাকরিপ্রার্থীদের এই সুযোগের সদ্ব্যবহার করে নির্ধারিত সময়ের মধ্যে চাকরি মেলায় উপস্থিত থাকার জন্য আবেদন জানানো হয়েছে।
এ বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য প্রার্থীরা জেলা কর্মসংস্থান বিনিময় কেন্দ্র, শিলচরের ০৩৮৪২-২৩৫৮৭৮৩, ৮৬৩৮৬২১৩৪৬ অথবা ৯৪৩৫৯৪৩৬ নম্বরে যোগাযোগ করতে পারেন। এছাড়াও deesilchar@gmail.com ইমেল ঠিকানায় যোগাযোগ করা যাবে।



