বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর : মাত নদীতে তলিয়ে যাওয়া ১২ বছরের কিশোরী লালরুয়াতলুয়াঙ্গির দেহ উদ্ধার হয়েছে। সোমবার দুপুর ২টা ৪৫ মিনিট নাগাদ দক্ষিণ তুইপুই নদীর জলস্রোতে ভেসে আসা দেহটি দুর্ঘটনাস্থল থেকে প্রায় ২০০ মিটার দূরে উদ্ধার করা হয়। পরে দেহটি হ্নাহথিয়ালে নিয়ে যাওয়া হয়। সোমবার রাত ৮টা নাগাদ তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
খাওথলির নিউজের প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার সকালে হ্নাহথিয়ালের পেনিয়েল ভেং এলাকার বাসিন্দা লালরুয়াতলুয়াঙ্গি তার দাদু-দিদার সঙ্গে স্কুটি করে রামলাইতুইয়া এলাকায় আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল।

পথে ফাইলেং সাউথের মাত নদীর সেতু সংলগ্ন এলাকায় পৌঁছলে সেতুটি ভাঙা থাকায় তারা সমস্যায় পড়েন। এরপর কিশোরী ও তার দিদা স্কুটি থেকে নেমে পড়েন। দাদু স্কুটি নিয়ে নদী পার হওয়ার চেষ্টা করেন। কিন্তু তিনি নদী পার হতে না পেরে লালরুয়াতলুয়াঙ্গিকে সাহায্যের জন্য ডাকেন।

দাদুকে সাহায্য করতে এগিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত নদীতে পড়ে যায় কিশোরী। প্রবল জলস্রোতে মুহূর্তের মধ্যেই সে ভেসে যায়। এরপর থেকেই তার খোঁজে তল্লাশি চলছিল। অবশেষে সোমবার উদ্ধার হল তার দেহ। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।



