বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর : শহরের নাগরিক সমস্যার দ্রুত সমাধান, পুর পরিষেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক কাজে স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্যে একাধিক পদক্ষেপ গ্রহণের কথা জানাল শিলচর পুরনিগমের নবনির্বাচিত বোর্ড। নাগরিকদের প্রত্যাশা পূরণে ২৪ ঘণ্টা কাজ করাই নতুন বোর্ডের প্রধান লক্ষ্য বলে জানালেন মেয়র অমরেন্দ্র পাল। সোমবার সন্ধ্যায় পুরনিগমের কনফারেন্স হলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, গত ৫ নভেম্বর শপথ গ্রহণের পর থেকেই শহরের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ শুরু করেছে নতুন বোর্ড।
মেয়র জানান, শিলচর শ্মশানঘাটে মৃত্যুর তথ্য সংক্রান্ত নথিপত্রের যে সমস্যা ছিল, তা ইতিমধ্যে সমাধান করা হয়েছে। পাশাপাশি শহরের যানজট নিয়ন্ত্রণ, ফুটপাতের অবৈধ দখলদারি উচ্ছেদ, পরিচ্ছন্নতা অভিযান এবং ডাম্পিং গ্রাউন্ডের সমস্যা নিরসনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পুরনিগমে দীর্ঘদিন ধরে জমে থাকা ফাইল দ্রুত নিষ্পত্তির পাশাপাশি আগামী দু-এক দিনের মধ্যে এমপাওয়ার্ড স্ট্যান্ডিং কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের সুবিধার্থে মৃতদেহ পরিবহণের জন্য বিশেষ যানবাহন চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

অন্যদিকে, ডেপুটি মেয়র বিজেন্দ্র প্রসাদ সিং জানান, নাগরিক পরিষেবাকে আরও গতিশীল ও জনমুখী করে তুলতে বিভিন্ন কমিটি ও সাব-কমিটি গঠন করা হবে। শহরের জলাবদ্ধতা, যানজট এবং নিরাপদ পানীয় জলের মতো গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে সাধারণ নাগরিকদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। শিলচর শ্মশানঘাটে বৈদ্যুতিক চুল্লি স্থাপনের জন্য চলতি নভেম্বর মাসেই ওয়ার্ক অর্ডার জারির পরিকল্পনা রয়েছে। এই প্রকল্প সম্পন্ন করার জন্য ১২ মাসের সময়সীমা নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।

পুরনিগমের প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব আরোপ করে ডেপুটি মেয়র স্পষ্ট জানিয়ে দেন, দুর্নীতির বিরুদ্ধে নতুন বোর্ডের অবস্থান হবে সম্পূর্ণ আপসহীন। দুর্নীতির কোনও বিষয়েই আপস করা হবে না। জনসেবাই পুরনিগমের মূল লক্ষ্য এবং নাগরিকদের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিয়েই প্রতিটি কাজ পরিচালিত হবে।
নতুন পুরবোর্ডের এই প্রতিশ্রুতির মধ্য দিয়ে শিলচর শহরের দীর্ঘদিনের নাগরিক সমস্যাগুলির সমাধান এবং পুর পরিষেবার উন্নয়নের বিষয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। এখন প্রতিশ্রুতির বাস্তবায়ন কতটা দ্রুত ও কার্যকরভাবে হয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন শহরবাসী।



