দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর : ঐতিহ্য ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের আবহে শুরু হল শিলকুড়ির ঐতিহ্যবাহী ৮৫তম বরমবাবার তিনদিনব্যাপী মেলা। সোমবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক স্বামী গণধীশানন্দজি মহারাজ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড়ের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক কিশোর নাথ, রাজদীপ গোয়ালা ও কমলাক্ষ দে পুরকায়স্থ-সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি ও গণ্যমান্য অতিথি।

দীর্ঘদিনের ঐতিহ্য ও ধর্মীয় পরম্পরাকে সমৃদ্ধ করে আসা বরম বাবার এই মেলা শিলকুড়ি তথা পার্শ্ববর্তী এলাকার মানুষের কাছে বিশেষ তাৎপর্য বহন করে। প্রতিবছর এই মেলাকে কেন্দ্র করে ভক্ত, পুণ্যার্থী ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

তিনদিনব্যাপী এই মেলায় ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন ধরনের মেলা ও জনসমাগমের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হবে। ইতিমধ্যেই মেলাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। আগামী তিনদিন ধরে ঐতিহ্য ও ধর্মীয় আবহে মুখরিত থাকবে শিলকুড়ি।




