
বরাক তরঙ্গ, ২২ নভেম্বর : গাড়ির তেলের ট্যাঙ্কের ভিতরে বিশেষ কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা চালিয়েও শেষরক্ষা হল না পাচারকারীদের। কাছাড় পুলিশের অভিযানে বড়খলার বালাছড়া টোলগেট থেকে প্রায় ৩ কোটি টাকা বাজারমূল্যের ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ডিএসপি ভাস্কর শইকিয়ার নেতৃত্বে বালাছড়া টোলগেটে অভিযান চালানো হয়। সেখানে AS 11 B 9838 নম্বরের একটি অল্টো গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির তেলের ট্যাঙ্কের ভিতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ কেজি ১৭ গ্রাম ওজনের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন পুলিশকর্মীরা।

এই ঘটনায় শ্রীভূমি জেলার পাথারকান্দির টিলাগ্রামের বাসিন্দা রাজিব উদ্দিন ও সাইদুল আহমদকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে।



