।। প্রদীপ দত্তরায় ।।
(ছাত্র সংগঠন আকসার প্রতিষ্ঠাতা সভাপতি ও গৌহাটি হাইকোর্টের আইনজীবী)
২১ নভেম্বর : স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত তৎকালীন কাছাড় তথা বর্তমান বরাক উপত্যকার তিন জেলা কাঙ্ক্ষিত আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে পৌঁছতে পারেনি—এমন অভিযোগ দীর্ঘদিনের। প্রাকৃতিক সম্পদ, কৃষি, শিল্প ও বাণিজ্যের সম্ভাবনা থাকা সত্ত্বেও কর্মসংস্থান, যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা এবং পরিকাঠামোগত উন্নয়নের বহু সমস্যা আজও অমীমাংসিত। বিভিন্ন সময়ে বরাকের প্রতি প্রশাসনিক অবহেলা ও উন্নয়নগত বৈষম্যের অভিযোগ উঠেছে। এমনকি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল কিংবা রাজ্য গঠনের দাবিও উত্থাপিত হয়েছে। কিন্তু এসব দাবিকে কেন্দ্র করে দীর্ঘস্থায়ী, সুসংগঠিত রাজনৈতিক আন্দোলন গড়ে ওঠেনি।
এই পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠতেই পারে, ভারতের বিভিন্ন রাজ্যে আঞ্চলিক রাজনৈতিক দলগুলি যখন নিজেদের অঞ্চলের দাবি ও স্বার্থকে রাজ্য এবং জাতীয় রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে, তখন বরাক উপত্যকায় অনুরূপ রাজনৈতিক শক্তির প্রয়োজনীয়তা কতটা? এবং তার বাস্তব সাফল্যের পথে প্রধান প্রতিবন্ধকতাগুলিই বা কী?
এই প্রবন্ধের উদ্দেশ্য কোনও পূর্বনির্ধারিত সিদ্ধান্তে উপনীত হওয়া নয়, বরং বিষয়টি নিয়ে বৃহত্তর আলোচনার পরিসর তৈরি করা। কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় শেষ পর্যন্ত জনগণের মতামতই সর্বাধিক গুরুত্বপূর্ণ।

রাজনৈতিক প্রতিনিধিত্ব বনাম আঞ্চলিক স্বার্থের প্রতিনিধিত্ব
বরাক উপত্যকার ক্ষেত্রে কয়েকটি মৌলিক প্রশ্ন অবশ্যই প্রাসঙ্গিক।
১. বরাক থেকে স্বাধীনতার পর বিভিন্ন সময়ে বহু বিধায়ক ও সাংসদ নির্বাচিত হয়েছেন। তাঁদের কেউ কেউ রাজ্য কিংবা কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও স্থান পেয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, এই রাজনৈতিক প্রতিনিধিত্বের সুবাদে বরাকের আঞ্চলিক সমস্যা গুলি কতটা গুরুত্ব পেয়েছে ? সামগ্রিক উন্নয়নে এর প্রভাব কতটা পড়েছে ?
২. সর্বভারতীয় ও রাজ্য ভিত্তিক রাজনৈতিক দলগুলির অগ্রাধিকার তালিকায় বরাকের স্থান কোথায় ?
৩. নির্বাচিত জনপ্রতিনিধিদের দলীয় আনুগত্য এবং আঞ্চলিক স্বার্থের মধ্যে সংঘাত দেখা দিলে কোনটি প্রাধান্য পায় ?
এগুলোর উত্তর খুঁজতে গেলে হয়তো অনেকেই নেতিবাচক উত্তর দেবেন। তবে এখানে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে। অধিকাংশ জনপ্রতিনিধিরাই স্থানীয় ভোটারদের স্বার্থে কাজ করতে, এবং এই কৃতিত্বের অংশীদার হতে আগ্রহী থাকেন।
কিন্তু সর্বভারতীয় রাজনৈতিক দলগুলির নিজস্ব রাজনৈতিক বাধ্যবাধকতা এবং অগ্রাধিকারের তালিকা রয়েছে। স্বাভাবিকভাবেই সেই তালিকায় একটি নির্দিষ্ট অঞ্চলের দাবি সবসময় প্রাধান্য পায় না। আবার দলীয় আনুগত্য এবং আঞ্চলিক স্বার্থের মধ্যে সংঘাত দেখা দিলে নির্বাচিত জনপ্রতিনিধিদের পক্ষে স্বাধীন অবস্থান গ্রহণ করাও অনেক সময় কঠিন হয়ে পড়ে।
এখানেই নির্বাচনী প্রতিনিধিত্ব এবং কার্যকর আঞ্চলিক প্রতিনিধিত্বের পার্থক্য। বরাকের মানুষ জনপ্রতিনিধি নির্বাচিত করছেন ঠিকই, কিন্তু তাঁরা সমষ্টিগতভাবে বরাকের স্বার্থে কতটা কার্যকর রাজনৈতিক চাপ সৃষ্টি করতে পারছেন, তা বিতর্কিত।
প্রশ্ন হলো, একটি স্বতন্ত্র আঞ্চলিক রাজনৈতিক দল কি এই সীমাবদ্ধতা দূর করতে পারে?
বরাকের স্বতন্ত্র ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিচয়
বরাক উপত্যকা ভৌগোলিকভাবে যেমন ব্রহ্মপুত্র উপত্যকা থেকে অনেকটাই বিচ্ছিন্ন, তেমনি উভয় অঞ্চলের ইতিহাসের ধারাও বহু ক্ষেত্রে পৃথক।
প্রাচীন কামরূপের রাজনৈতিক প্রভাব এবং পরবর্তী সময়ে ত্রিপুরা, কোচ ও ডিমাসা রাজশক্তির সঙ্গে সম্পর্ক থাকলেও ভৌগোলিক নৈকট্যের কারণে বৃহত্তর বঙ্গ ও সুরমা উপত্যকার সঙ্গে এখানকার ভাষিক, সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক দীর্ঘদিনের।
১৮৭৪ সালে ব্রিটিশ সরকার নতুন আসাম চিফ কমিশনারশিপ গঠন করলে শ্রীহট্ট ও কাছাড়কে বাংলার প্রশাসনিক কাঠামো থেকে বিচ্ছিন্ন করে অসমের সঙ্গে যুক্ত করা হয়। ১৯৪৭ সালের দেশভাগ ও শ্রীহট্ট গণভোটের ফলে অঞ্চলের রাজনৈতিক মানচিত্র আবার পরিবর্তিত হয়।
আধুনিক বরাকের স্বতন্ত্র ভাষিক ও রাজনৈতিক চেতনা বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় ১৯৬১ সালের ভাষা আন্দোলন। ১৯ মে শিলচর রেলস্টেশনে এগারোজন ভাষাশহিদের আত্মবলিদান শুধু বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ছিল না, বরাকের সাংস্কৃতিক মর্যাদা ও গণতান্ত্রিক অধিকারের দাবিকেও নতুন মাত্রা দিয়েছিল।
পরবর্তী সময়ে অসম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনসহ বিভিন্ন গণআন্দোলনে বরাকের মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন। কিন্তু সেই আন্দোলনগুলির উত্তরাধিকার থেকে স্থায়ী ও শক্তিশালী আঞ্চলিক রাজনৈতিক সংগঠন গড়ে ওঠেনি। কেন এই ব্যর্থতা, তা নিয়ে আত্মসমালোচনা জরুরি।

বড়োল্যান্ডের অভিজ্ঞতা : বরাকের জন্য কী শিক্ষা?
এই আলোচনায় সবচেয়ে প্রাসঙ্গিক উদাহরণ সম্ভবত বোড়োল্যান্ড। কারণ উভয় অঞ্চলই অসমের অন্তর্গত, অথচ আঞ্চলিক স্বার্থের প্রতিনিধিত্ব এবং রাজনৈতিক দরকষাকষির ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা অনেকটাই ভিন্ন।
দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে বোড়ো জনগোষ্ঠী নিজেদের রাজনৈতিক দাবি প্রতিষ্ঠিত করেছে। ২০০৩ সালে বোড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল গঠন এবং ২০২০ সালের বোড়ো শান্তিচুক্তি তার গুরুত্বপূর্ণ মাইলফলক।
পাশাপাশি বোড়োল্যান্ড পিপলস ফ্রন্ট (BPF) এবং ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল (UPPL)-এর মতো আঞ্চলিক দল গড়ে উঠেছে, যারা রাজ্যের বৃহত্তর রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
২০২৩ সালের বিধানসভা আসন পুনর্বিন্যাসের পর বোড়োল্যান্ড টেরিটোরিয়াল অঞ্চলের আসনসংখ্যা ১১ থেকে বেড়ে ১৫ হয়েছে। অন্যদিকে বরাক উপত্যকার আসনসংখ্যা ১৫ থেকে কমে ১৩ হয়েছে। এই পুনর্বিন্যাসের যৌক্তিকতা নিয়ে বিতর্ক থাকলেও রাজনৈতিক প্রতিনিধিত্বের বিচারে পার্থক্যটি তাৎপর্যপূর্ণ।
আরও গুরুত্বপূর্ণ হলো, বোড়োল্যান্ডের আঞ্চলিক দলগুলি বিভিন্ন সময়ে রাজ্য সরকারের শরিক হয়ে মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব অর্জন করেছে। ২০১৬ সালে বিপিএফ বিজেপি নেতৃত্বাধীন সরকারে যোগ দেয়। পরবর্তী সময়ে ইউপিপিএল-ও বিজেপির সঙ্গে জোট গঠন করে। ২০২৫ সালের বোড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল নির্বাচনে বিপিএফ-এর নিরঙ্কুশ সাফল্যও আঞ্চলিক দলগুলির রাজনৈতিক প্রাসঙ্গিকতার পরিচয় দেয়।
এই অভিজ্ঞতা দেখায়, সংগঠিত আঞ্চলিক রাজনৈতিক শক্তি বৃহত্তর দলগুলির কাছে গুরুত্বপূর্ণ সহযোগী হয়ে উঠতে পারে।
অসম বিধানসভার মোট আসন ১২৬। বরাকের ১৩টি আসন নিয়ে কোনও আঞ্চলিক দল এককভাবে সরকার গঠন করতে পারবে না। কিন্তু কোনও নির্বাচনে বৃহত্তর দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হলে অল্পসংখ্যক আসন নিয়েও একটি আঞ্চলিক দল সরকার গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
অবশ্য সংখ্যাগরিষ্ঠ সরকার থাকলে এই দরকষাকষির ক্ষমতা অনেকটাই সীমিত হবে। তাই আঞ্চলিক দলের রাজনৈতিক প্রভাবকে স্থায়ী বা নিশ্চিত বলে ধরে নেওয়া যুক্তিসংগত নয়।
মন্ত্রিত্ব ছাড়াও, প্রাতিষ্ঠানিক ক্ষমতাই কি প্রধান লক্ষ্য হওয়া উচিত?
বড়োল্যান্ডের অভিজ্ঞতা থেকে আরও একটি প্রশ্ন উঠে আসে। আঞ্চলিক রাজনৈতিক শক্তির লক্ষ্য কি শুধু কয়েকটি মন্ত্রিত্ব অর্জন, নাকি বরাকের উন্নয়নের জন্য স্থায়ী প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা নিশ্চিত করা?
বর্তমানে অসম সরকারের অধীনে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ রয়েছে। কিন্তু এই বিভাগের প্রকৃত প্রশাসনিক ক্ষমতা, স্বতন্ত্র বাজেট, প্রকল্প অনুমোদনের অধিকার এবং উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে। প্রতিষ্ঠার পর বিভাগটি বরাকবাসীর প্রত্যাশা পূরণে কতটা সফল হয়েছে, তারও মূল্যায়ন প্রয়োজন।

একটি বরাকভিত্তিক আঞ্চলিক দল এই বিভাগের ক্ষমতা বৃদ্ধি, পর্যাপ্ত বাজেট বরাদ্দ, তিন জেলার উন্নয়ন প্রকল্পের সমন্বয় এবং ব্যয়ের ওপর স্বচ্ছ নজরদারির দাবি তুলতে পারে।
পাশাপাশি বরাকের জন্য একটি স্বতন্ত্র অর্থনৈতিক উন্নয়ন পরিষদ গঠনের সম্ভাবনাও বিবেচনাযোগ্য। কৃষি, শিল্প, পর্যটন, প্রাকৃতিক সম্পদ, যোগাযোগ, বাণিজ্য ও কর্মসংস্থানকে কেন্দ্র করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণে এই পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এতে জনপ্রতিনিধি, অর্থনীতিবিদ, শিল্পোদ্যোগী, কৃষি বিশেষজ্ঞ এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা যেতে পারে।
ভারতীয় সংবিধানের কাঠামোর মধ্যে রাজ্য সরকার উপযুক্ত আইন বা প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে এমন উন্নয়নমূলক প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নিতে পারে। তবে সাধারণ উন্নয়ন পরিষদ এবং সংবিধানের ষষ্ঠ তফসিলভুক্ত স্বায়ত্তশাসিত পরিষদের ক্ষমতা এক নয়। তাই পরিষদের আইনগত ভিত্তি, আর্থিক ক্ষমতা এবং প্রশাসনিক কাঠামো সম্পর্কে সুস্পষ্ট প্রস্তাব জরুরি।
এসব বিকল্প রাজনৈতিক কারণে বাধাগ্রস্ত হলে কিংবা উন্নয়নের প্রত্যাশিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হলে একটি আঞ্চলিক দল পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবিতেও গণতান্ত্রিক জনমত গড়ে তুলতে পারে।
অন্যান্য রাজ্যের অভিজ্ঞতা
ভারতের বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক ইতিহাসেও গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে।
ঝাড়খণ্ড মুক্তি মোর্চা দীর্ঘদিন ধরে আদিবাসী অধিকার, জমি, প্রাকৃতিক সম্পদ এবং আঞ্চলিক পরিচয়ের প্রশ্নকে রাজনৈতিক আন্দোলনের কেন্দ্রে রেখেছে। ২০০০ সালে পৃথক ঝাড়খণ্ড গঠনের পেছনে এই আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি পৃথক রাজ্যের দাবিকে সুসংগঠিত রাজনৈতিক আন্দোলনে রূপান্তরিত করে। ২০১৪ সালে তেলেঙ্গানা গঠনের পর দলটি সরকারও পরিচালনা করে। যদিও পরবর্তী নির্বাচনে ক্ষমতা হারানোর ঘটনা প্রমাণ করে যে আন্দোলনের সাফল্য স্থায়ী জনসমর্থনের নিশ্চয়তা নয়।
তামিলনাড়ুতে ডিএমকে ও এইআইএডিএমকে-এর অভিজ্ঞতা দেখায়, ভাষাগত ও সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে সামাজিক ন্যায় ও উন্নয়নের কর্মসূচি যুক্ত হলে আঞ্চলিক দল দীর্ঘমেয়াদি রাজনৈতিক শক্তিতে পরিণত হতে পারে। অন্যদিকে অসম গণ পরিষদের অভিজ্ঞতা মনে করিয়ে দেয়, শক্তিশালী গণআন্দোলন থেকে জন্ম নেওয়া দলও সময়ের সঙ্গে জনসমর্থন হারাতে পারে।
অর্থাৎ আঞ্চলিক আবেগ রাজনৈতিক সংগঠনের প্রাথমিক ভিত্তি হলেও দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য প্রয়োজন বাস্তবসম্মত কর্মসূচি, দক্ষ নেতৃত্ব এবং প্রশাসনিক বিশ্বাসযোগ্যতা।
বরাকে আঞ্চলিক দল গঠনের প্রধান প্রত্যাহ্বান
এত সম্ভাবনা থাকা সত্ত্বেও বরাকভিত্তিক আঞ্চলিক দলকে কার্যকর রাজনৈতিক শক্তিতে পরিণত করা নিঃসন্দেহে একটি চ্যালেঞ্জ।
প্রথম এবং সম্ভবত সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো উপত্যকার সামাজিক, ভাষিক ও ধর্মীয় বৈচিত্র্যকে অভিন্ন আঞ্চলিক পরিচয়ের মধ্যে সংহত করা।
বরাক কেবল বাঙালিভাষী হিন্দু কিংবা মুসলমান জনগোষ্ঠীর আবাসস্থল নয়। এখানে মণিপুরি, বিষ্ণুপ্রিয়া মণিপুরি, ডিমাসা, চা-জনগোষ্ঠীসহ বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষ বসবাস করেন। প্রত্যেকের নিজস্ব ইতিহাস, পরিচয় ও রাজনৈতিক প্রত্যাশা রয়েছে। ফলে কোনও বিশেষ ভাষা, ধর্ম কিংবা সম্প্রদায়ের একচেটিয়া প্রতিনিধিত্বের দাবিতে আঞ্চলিক দল গড়ে উঠলে সমগ্র বরাকের গ্রহণযোগ্যতা অর্জন কঠিন হবে।
দ্বিতীয়ত, নির্বাচনী রাজনীতিতে ধর্মীয় মেরুকরণের প্রভাব। অনেক ক্ষেত্রেই অভিন্ন অর্থনৈতিক ও আঞ্চলিক স্বার্থ এই বিভাজনের আড়ালে চলে যাচ্ছে। উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিক অধিকারের ভিত্তিতে এই বিভাজন অতিক্রম করা বড় চ্যালেঞ্জ।
তৃতীয়ত, প্রতিষ্ঠিত সর্বভারতীয় দলগুলির সাংগঠনিক শক্তি, আর্থিক সম্পদ এবং দীর্ঘদিনের ভোটভিত্তির সঙ্গে প্রতিযোগিতা সহজ নয়।
চতুর্থত, প্রয়োজন এমন নেতৃত্ব, যারা ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার ঊর্ধ্বে উঠে বরাকের দীর্ঘমেয়াদি স্বার্থকে অগ্রাধিকার দেবেন। শুধু কয়েকজন জনপ্রিয় ব্যক্তির সমর্থনে স্থায়ী রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে না।
পঞ্চমত, নতুন দল পর্যাপ্ত আসন অর্জন করতে ব্যর্থ হলে রাজনৈতিক প্রভাব সীমিত থাকবে। বরং ভোট বিভাজনের ফলে প্রত্যাশার বিপরীত ফলও হতে পারে।
আঞ্চলিক দলই কি একমাত্র বিকল্প?
একটি স্বতন্ত্র আঞ্চলিক দল গঠন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে অভিন্ন উন্নয়ন কর্মসূচি গ্রহণ সম্ভব। একইভাবে নাগরিক সংগঠন, ব্যবসায়ী সমিতি, শিক্ষাবিদ ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে শক্তিশালী অরাজনৈতিক আঞ্চলিক মঞ্চ গড়ে তোলা যেতে পারে।
কিন্তু বিগত কয়েক দশকের অভিজ্ঞতা বলছে, এসব বিকল্প এখনও প্রত্যাশিত কার্যকারিতা দেখাতে পারেনি। স্থানীয় স্বার্থে দল নির্বিশেষে বরাকের জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধভাবে সরব হওয়ার নজির বিরল।
অবশ্য বরাকের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের পেছনে গণসংগঠনগুলির আন্দোলন ও উদ্যোগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু শক্তি, জনভিত্তি ও ধারাবাহিকতার বিচারে কোনও সংগঠন এখনও সমগ্র বরাকের অভিন্ন মুখ হয়ে উঠতে পারেনি।
অন্যদিকে একটি আঞ্চলিক দল নির্বাচনী সাফল্য অর্জন করলে সরাসরি রাজনৈতিক দরকষাকষির সুযোগ পেতে পারে। এমনকি সেই সুযোগ সীমিত হলেও আঞ্চলিক ইস্যুতে স্থানীয় ভোটারদের কাছে তার দায়বদ্ধতা তুলনামূলকভাবে বেশি থাকবে—এমন প্রত্যাশা অযৌক্তিক নয়। তবে তার জন্য প্রয়োজন ব্যাপক জনসমর্থন, বিশ্বাসযোগ্য নেতৃত্ব এবং দীর্ঘমেয়াদি সাংগঠনিক প্রস্তুতি।
বাস্তবসম্মত সূচনা হিসেবে স্থানীয় স্তরের গণতান্ত্রিক প্রতিষ্ঠান, বিশেষত পুরসভা ও পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণের কথা বিবেচনা করা যেতে পারে। এর মাধ্যমে জনসমর্থন যাচাই, প্রশাসনিক দক্ষতার পরিচয় দেওয়া এবং ধাপে ধাপে রাজনৈতিক গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা অর্জনের সুযোগ তৈরি হতে পারে।
বরাক উপত্যকার ইতিহাসে গণআন্দোলনের অভাব নেই। ভাষা আন্দোলন থেকে অসম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সংগ্রাম—বিভিন্ন সময়ে এই অঞ্চলের মানুষ নিজেদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়েছেন। কিন্তু সেই ঐক্যকে স্থায়ী রাজনৈতিক শক্তিতে রূপান্তর করা সম্ভব হয়নি।
বোড়োল্যান্ডের অভিজ্ঞতা দেখায়, সুসংগঠিত আঞ্চলিক রাজনৈতিক শক্তি রাজ্য রাজনীতিতে দরকষাকষির সুযোগ সৃষ্টি করতে পারে। যদিও বোড়োল্যান্ডের ঐতিহাসিক ও সাংবিধানিক পরিস্থিতি বরাকের থেকে পৃথক।
বরাকের ক্ষেত্রেও একটি শক্তিশালী আঞ্চলিক উদ্যোগ উন্নয়ন বিভাগের ক্ষমতা বৃদ্ধি, পৃথক অর্থনৈতিক উন্নয়ন পরিষদ গঠন কিংবা আরও বিস্তৃত প্রশাসনিক স্বায়ত্তশাসনের দাবি সামনে আনতে পারে। এমনকি পৃথক রাজ্যের সম্ভাবনা নিয়েও তথ্যনির্ভর গণতান্ত্রিক আলোচনা গড়ে তুলতে পারে।
কিন্তু এসবের পূর্বশর্ত এমন এক অন্তর্ভুক্তিমূলক আঞ্চলিক চেতনার বিকাশ, যেখানে ধর্ম, ভাষা ও সম্প্রদায়গত পরিচয়ের ঊর্ধ্বে উঠে সমস্ত জনগোষ্ঠীর অভিন্ন স্বার্থ গুরুত্ব পাবে।
শেষ পর্যন্ত প্রশ্নটি শুধু নতুন রাজনৈতিক দল গঠনের নয়। প্রশ্ন হলো, জাতিধর্ম নির্বিশেষে বরাক উপত্যকার মানুষ কি নিজেদের অর্থনৈতিক উন্নয়ন, প্রশাসনিক অধিকার এবং রাজনৈতিক মর্যাদার প্রশ্নে অভিন্ন অবস্থান গ্রহণ করতে প্রস্তুত?
সেই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে বরাকভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক শক্তির ভবিষ্যৎ।
(মতামত লেখকের ব্যক্তিগত)



