লক্ষীপুরে দু’টি বাইকের মুখোমুখি, হত ১, পলাতক ঘাতক চালক

Spread the news

কেএ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ১৭ জুলাই :
লক্ষীপুর থানার অন্তর্গত কালাপুল এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বাইক আরোহী। নিহতের নাম রবীন্দ্র দাস (৪২)। তিনি কালাপুল এলাকার বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে রবীন্দ্র দাস নিজের বাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পর বিপরীত দিক থেকে আসা একটি নতুন পালসার বাইক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর বাইকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় রবীন্দ্র দাস ছিটকে রাস্তায় পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত রবীন্দ্র দাস ও অপর বাইক আরোহীকে উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রবীন্দ্র দাসকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের দাবি, অপর বাইক চালাচ্ছিলেন বিন্নাকান্দি চা-বাগানের বাসিন্দা কল্যাণ বাউরি। দুর্ঘটনায় তিনি সামান্য আহত হন। প্রাথমিক চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি। স্থানীয়দের অনুমান, দুর্ঘটনার পর আইনি জটিলতার আশঙ্কায় তিনি আত্মগোপন করেছেন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ঘটনার খবর পেয়ে লক্ষীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনাগ্রস্ত দু’টি বাইক উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। অভিযুক্ত চালকের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় কালাপুল এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা এলাকায় বেপরোয়া গতিতে যানবাহন চালানো রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *