বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : শিলচরের প্রস্তাবিত উড়াল সেতু বা এলিভেটেড করিডোর নিয়ে দীর্ঘদিন ধরে প্রশাসনিক স্তরে টালবাহানা চলছে এবং নাগরিকদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আজ স্থানীয় জনপ্রতিনিধি, বিভাগীয় কর্তা,ব্যাবসায়ী সমিতি এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সম্মিলিত সভায় মন্ত্রী কৌশিক রায়ের উদ্যোগে এই ব্যাপারে একটি বাস্তবসম্মত প্রস্তাব সবার সম্মতিতে চূড়ান্ত হয়েছে এবং অনুমোদনের জন্য গুয়াহাটিতে প্রেরিত হয়েছে।এজন্য মন্ত্রী কৌশিক রায়কে অভিনন্দন ও সাধুবাদ জানাল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।
এক প্রেস বার্তায় বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন যে শিলচরের যানজট সমস্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে যার ফলে নাগরিকরা চূড়ান্ত নাজেহাল হচ্ছেন। ফলে এই সমস্যার আশু এবং বাস্তবসম্মত সমাধান চাইছেন সবাই। ক্যাপিটাল পয়েন্ট থেকে শপার্স স্টপ পয়েন্ট অবধি একটি উড়াল সেতু বা এলিভেটেড করিডোর প্রকল্প ইতিমধ্যে ঘোষিত হলেও তা শহরের যানজট সমস্যা নিরসনে কতটা ফলপ্রসূ হবে তা নিয়েও জনমনে বিভ্রান্তি রয়েছে। এসবের পরিপ্রেক্ষিতে আজকের বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে তা অনেকটাই বাস্তবসম্মত এবং কার্যকরী হবে বলে মনে করছেন তারা। এবং এজন্য মূল উদ্যোগী মন্ত্রী কৌশিক রায়কে তাঁরা ধন্যবাদ জানাচ্ছেন।

জয়দীপ এদিন বলেন যে ক্যাপিটাল পয়েন্ট থেকে সেন্ট্রাল রোড অবধি এলিভেটেড করিডরের আগের যে প্রস্তাব ছিল তার প্রস্থ নিতান্তই কম ছিল। এছাড়া এমন অনেক নিত্যযাত্রী রয়েছেন যারা ক্যাপিটাল পয়েন্ট থেকে শপার্স স্টপ পয়েন্ট অব্দি পরিসরের মধ্যবর্তী বিভিন্ন স্থান থেকে বর্তমানে যানবাহন বিশেষতঃ অটো রিক্সা ইত্যাদি দিয়ে চলাচল এবং উঠানামা করেন। ফলে পূর্বে প্রস্তাবিত এলিভেটেড করিডোর নিত্যযাত্রীদের অধিকাংশেরই কোন কাজে আসতনা এবং সেক্ষেত্রে অটো ইত্যাদিরও ব্যাবসায়িক কারনে এই করিডোর ব্যাবহার না করার সম্ভাবনাই প্রবল ছিল। ফলে এই করিডোরের মাধ্যমে যানবাহনের পথ পরিবর্তন যেমন হতনা তেমনি পিলারের জন্য নীচের রাস্তার প্রস্থ হ্রাস হওয়ার যানজট আরো বেড়ে যাবার সম্ভাবনা ছিল। এর পরিবর্তে এই রাস্তা চার লেন করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা অনেকটাই বাস্তবসম্মত বলে ধারণা করা যায়। এছাড়া সদরঘাট থেকে পুলিশ গ্রাউন্ড অব্দি উড়াল সেতু সদরঘাট সংলগ্ন অঞ্চলের যানজট নিরসনে ভুমিকা নেবে। একই ভাবে গোপিনাথ পয়েন্ট থেকে কৃষ্ণচরন রোড অবধি উড়াল সেতু রাঙির খাড়ি সংলগ্ন এলাকার যানজটের সমস্যা অনেকটাই কমাবে বলে আশা করা যায়।

জয়দীপ এদিন বলেন শহরে একটু উড়াল সেতু কতটা দীর্ঘ হল সেটা বিবেচ্য হবার বদলে তা প্রকৃত সমস্যা নিরসনে তা কতটা কার্যকরী হল সেটাই প্রধান বিবেচ্য হওয়া উচিত। তিনি বলেন শুধু প্রধানমন্ত্রী উন্মোচন করেছেন বলেই একটি ঘোষিত প্রকল্প আগের মতোই বাস্তবায়িত হতে হবে এই ধারনা সঠিক নয়। বাস্তব প্রেক্ষাপট চিন্তা না করে একটি কংক্রিট কাঠামো তৈরি হবার পর যদি তা সমস্যাকে আরো বাড়িয়ে তুলে তখন আর ফেরার রাস্তা থাকবে না। তাই সবদিক ভেবে সিদ্ধান্ত নেওয়া জরুরী।

জয়দীপ এদিন আরো বলেন যে প্রস্তাবিত চার লেন রাস্তা তৈরি করতে হলেও জমি অধিগ্রহণ করতে হবে। তাতেও দোকানপাট ভাঙতে হবে। বলা বাহুল্য এতেও ব্যাবসায়ীরা সাময়িক ক্ষতিগ্রস্ত হবেন। কিন্তু শহরের বৃহত্তর স্বার্থে এই ত্যাগ তাঁদের মেনে নিতেই হবে। এবং অবশ্যই এরজন্য তাঁদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে সরকারের তরফে। তিনি বলেন, এই নিয়ে যদি ফের আপত্তি উঠে, কোর্ট কাছাড়ি হয়, তবে প্রকল্প ফের দীর্ঘায়িত হবে। তাই সরকার তথা প্রশাসনকে যেমন এই ব্যাপারে দৃড় অবস্থান নিতে হবে,তেমনি জনগনকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তিনি বলেন শিলচরবাসী হিসেবে আমরা চাই যে আগামী দুই বছরের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পূর্ন হোক। তবে তা সম্পুর্ণই নির্ভর করবে সরকার এবং জনগনের সদিচ্ছার উপর।



