মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ৫১ বস্তা টাকা, গণনায় চার শতাধিক মানুষ

Spread the news

২১ নভেম্বর : বাংলাদেশের নরসুন্দা নদীর তীরে অবস্থিত কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ; যেখানে মানুষের বিশ্বাস, ভক্তি আর স্রষ্টার প্রতি অগাধ ভালোবাসা মিশে আছে দান-দক্ষিণার প্রতিটি মুদ্রায়। ধর্মপ্রাণ মানুষের অকৃত্রিম শ্রদ্ধা ও মানতের অর্থে প্রতিনিয়ত সমৃদ্ধ হচ্ছে এই পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠান। সেই ধারাবাহিকতায় দীর্ঘ চার মাস ২৪ দিন পর শনিবার সকালে খোলা হয়েছে মসজিদের ১৫টি লোহার দানবাক্স। এবার দানবাক্সগুলো থেকে পাওয়া গেছে রেকর্ড ৫১ বস্তা টাকা।

শনিবার সকাল ৭টায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও মসজিদ পরিচালনা কমিটির দায়িত্বশীল ব্যক্তিদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় শুরু হয় টাকা গণনার কাজ। এতে মসজিদ পরিচালনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ চার শতাধিক মানুষ অংশ নেন।

প্রতিটি দানবাক্সে জমা পড়া অর্থ বস্তায় ভরে নিয়ে যাওয়া হয় গণনাকেন্দ্রে। সেখানে সম্মিলিতভাবে চলছে টাকা গণনার বিশাল কর্মযজ্ঞ। ধর্মপ্রাণ মানুষের দেওয়া এই অর্থের সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য মানুষের আশা, আকাঙ্ক্ষা, মানত ও স্রষ্টার দরবারে নিবেদিত প্রার্থনার অনুভূতি।

সাধারণত প্রতি তিন মাস পরপর পাগলা মসজিদের দানবাক্স খোলা হলেও বিভিন্ন কারণে এবার চার মাস ২৪ দিন পর সেগুলো খোলা হয়েছে। দীর্ঘ সময়ের ব্যবধানে বিপুলসংখ্যক মানুষের দান জমা পড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে এবার নতুন করে আরও দুটি দানবাক্স স্থাপন করা হয়। সব মিলিয়ে বর্তমানে ১৫টি দানবাক্সে জমা হওয়া অর্থ গণনার অপেক্ষায় রয়েছে।

এর আগে চলতি বছরের ২৭ জুন ১৮২ দিন পর দানবাক্সগুলো খোলা হয়েছিল। সেবার পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া যায়। এবার ৫১ বস্তা টাকা পাওয়ায় নতুন রেকর্ডের প্রত্যাশা তৈরি হয়েছে। তবে গণনা শেষ না হওয়া পর্যন্ত মোট অর্থের পরিমাণ নিশ্চিত হওয়া যাচ্ছে না।

দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কমরুল হাসান মারুফসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
খবর : দৈনিক ইনকিলাব পত্রিকা ডিজিটাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *