সমাজসেবার স্বীকৃতিস্বরূপ তিন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা কর্মায়ন সংস্থার

Spread the news

১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণের আদর্শকে সামনে রেখে গৌরবময় পথচলার ১৫ বছর পূর্ণ করল ফ্রেঞ্চনগরের স্বেচ্ছাসেবী সংগঠন কর্মায়ন সংস্থা। শুক্রবার সংস্থার ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধলাই বিধানসভা কেন্দ্রের ৬১০ নং ফ্রেঞ্চনগর এলপি স্কুল প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলন ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সভাপতি কুটন দে। তিনি সংস্থার ১৫ বছরের পথচলায় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অভিজ্ঞতা তুলে ধরে আগামী দিনেও অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি সংস্থার অগ্রযাত্রায় সকলের সহযোগিতা ও আন্তরিক সমর্থন কামনা করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষাবিদ হীরালাল দাস কর্মায়ন সংস্থার দীর্ঘদিনের সমাজসেবামূলক উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে মানবকল্যাণে আত্মনিয়োগ করলেই সমাজের প্রকৃত উন্নয়ন সম্ভব। অসহায় ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে স্বেচ্ছাসেবী সংগঠনগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মায়ন সংস্থার এই ১৫ বছরের পথচলা আগামী প্রজন্মের কাছেও অনুপ্রেরণা হয়ে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

চান্নিঘাট জিপি সভানেত্রীর প্রতিনিধি দিলীপ কুমার রায় তাঁর বক্তব্যে সামাজিক উন্নয়ন ও জনকল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠনগুলির ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। শেওরারতল জিপির এপি সদস্য প্রভাত বৈষ্ণব ঐক্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কর্মায়ন সংস্থার মতো সংগঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। এছাড়া চান্নিঘাট জিপির এপি সদস্যার প্রতিনিধি সুদীপ বিশ্বাস ও সঞ্জীব কুমার রায় সংস্থার দীর্ঘ ১৫ বছরের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পরিচালিত সমাজসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। আগামী দিনেও আরও বৃহত্তর পরিসরে জনকল্যাণমূলক কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান বক্তারা।

এদিনের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিশেষ সম্মাননা প্রদান পর্ব। কর্মায়ন সংস্থার দীর্ঘ ১৫ বছরের পথচলায় বিশেষ অবদান, আন্তরিক সহযোগিতা ও অনুপ্রেরণার স্বীকৃতিস্বরূপ তিন বিশিষ্ট ব্যক্তিত্ব শিক্ষাবিদ হীরালাল দাস, মনোরঞ্জন মালাকার এবং লক্ষ্যমনি রায়কে সংস্থার পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করে সংবর্ধিত করা হয়।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে নৃত্যশ্রী ধামাইল দল এবং ফ্রেঞ্চনগর ধামাইল নৃত্য দলের ক্ষুদে শিল্পীরা মনোজ্ঞ ধামাইল নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হৃদয় রঞ্জন দাস, হীরালাল মালাকার, নরেশ দাস, গ্রুপ সদস্যা মিত্রা মালাকার, জয়শ্রী রায়, বিধুমতি রায় এবং সংস্থার পক্ষে বিশ্বজিৎ মালাকার, সত্যরঞ্জন মালাকার, বিক্রম রায়, জীবন রায়, বিশাল মালাকার, অদৈত্য দাস, সুপা মালাকারসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয়রা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কর্মায়ন সংস্থার সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস। তিনি সংস্থার ১৫ বছরের পথচলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া অতিথি, শুভানুধ্যায়ী, সদস্য-সদস্যা এবং স্থানীয় জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *