তালমন্দিরের শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানে আসছেন কলকাতার বিশিষ্ট সন্তুরশিল্পী আয়ুষ লালা

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : সঙ্গীতশিক্ষা ও শাস্ত্রীয় সঙ্গীতচর্চার প্রসারে সাত বছরের পথচলা পূর্ণ করল শিলচরের সঙ্গীতশিক্ষা প্রতিষ্ঠান তালমন্দির। প্রতিষ্ঠানের শুভ সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে আগামী ২৪ নভেম্বর, মঙ্গলবার বিকেল ৪টায় শিলচরের বঙ্গভবনে এক বর্ণাঢ্য বার্ষিক শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সন্তুর, সেতার, তবলা ও কথক নৃত্যের মনোজ্ঞ পরিবেশনা দর্শক-শ্রোতাদের উপহার দেওয়া হবে। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন কলকাতার বিশিষ্ট সন্তুরশিল্পী আয়ুষ লালা।

প্রতিষ্ঠার পর এই প্রথম বৃহৎ পরিসরে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে তালমন্দির। স্বাভাবিকভাবেই এই অনুষ্ঠানকে ঘিরে প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

শুক্রবার সকাল ১১টায় শিলচর সঙ্গীত বিদ্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তালমন্দিরের কর্ণধার তথা অধ্যক্ষ সমুজ্জ্বল ভট্টাচার্য অনুষ্ঠানের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন। তিনি জানান, অনুষ্ঠানের সূচনায় তালমন্দিরের প্রায় ৫০ থেকে ৫৫ জন ছাত্রছাত্রীর অংশগ্রহণে সমবেত তবলা লহরা পরিবেশিত হবে। এরপর বিশিষ্ট সেতারশিল্পী চিন্ময়ী চৌধুরী সেতার বাদন পরিবেশন করবেন। তাঁর সঙ্গে তবলায় সংগত করবেন ড. শুভাশিস চৌধুরী। পাশাপাশি অনুষ্ঠানে অন্যান্য শাস্ত্রীয় সংগীত ও নৃত্য পরিবেশনাও থাকবে।

সাংবাদিক সম্মেলনে নন্দিনী চক্রবর্তী জানান, গত ছয়-সাত বছর ধরে সমুজ্জ্বল ভট্টাচার্য নিষ্ঠার সঙ্গে শিশুদের সংগীতের তালিম দিয়ে আসছেন। শুধু সংগীতশিক্ষা প্রদানই নয়, শিক্ষার্থীদের বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তবে নানা কারণে এতদিন বৃহৎ পরিসরে কোনও অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়নি। এবারের আয়োজন তাঁর প্রথম বড় মাপের উদ্যোগ।

তিনি শহরের সর্বস্তরের সঙ্গীতপ্রেমী মানুষের কাছে বঙ্গভবনে উপস্থিত থেকে ক্ষুদে শিল্পীদের উৎসাহিত ও আশীর্বাদ করার আবেদন জানান। একই সঙ্গে সমুজ্জ্বল ভট্টাচার্যকে আশীর্বাদ জানিয়ে তাঁর সঙ্গীতশিক্ষা ও প্রশিক্ষণের নিরলস প্রচেষ্টাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা জোগানোর আহ্বান জানান। অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলতে শিলচরের সর্বস্তরের সঙ্গীতপ্রেমী মানুষের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন সমুজ্জ্বল ভট্টাচার্য। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমর বিজয় চক্রবর্তী, নুপুর দত্ত এবং শিল্পী চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *