২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের গবেষকদের অংশগ্রহণে আসাম বিশ্ববিদ্যালয়ে জাতীয় সেমিনারের সূচনা

Spread the news

বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : সুশাসনের উন্নয়ন, উদ্ভাবনী চিন্তাধারার প্রসার এবং টেকসই উন্নয়নের বহুমুখী সম্ভাবনা অন্বেষণের লক্ষ্যে আসাম বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দু’দিনব্যাপী জাতীয় সেমিনার। ‘ফ্রন্টিয়ার্স ইন গভর্ন্যান্স ইনোভেশন অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক এই সেমিনারে দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রায় ২৫০টি গবেষণাপত্র জমা পড়েছে। সর্বভারতীয় স্তরের এই গুরুত্বপূর্ণ অ্যাকাডেমিক আয়োজনে অংশ নিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও বিশেষজ্ঞরা।

আসাম বিশ্ববিদ্যালয়ের বিপিনচন্দ্র পাল সেমিনার হলে বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগ এবং ভারত বিকাশ পরিষদের দক্ষিণ শিলচর শাখার যৌথ উদ্যোগে, কমার্স ফোরামের সহযোগিতায় এই সেমিনারের আয়োজন করা হয়েছে। প্রদীপ প্রজ্বলন, স্বামী বিবেকানন্দ ও ভারতমাতার প্রতিকৃতিতে মাল্যদান এবং বন্দেমাতরম গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

উদ্বোধনী অধিবেশনে পৌরোহিত্য করেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের অধ্যাপক দেবাশিস সুর। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআইটি শিলচরের অধিকর্তা অধ্যাপক ডি কে বৈদ্য, গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় এবং ভারত বিকাশ পরিষদের উত্তর-পূর্বাঞ্চলের সাধারণ সম্পাদক ড. মুনীন্দ্র মিশ্র।

বক্তব্য রাখতে গিয়ে উপাচার্য অধ্যাপক পন্ত জ্ঞানভিত্তিক সমাজ গঠনে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির ভূমিকা এবং গবেষণার গুরুত্ব তুলে ধরেন। সমকালীন আর্থসামাজিক সমস্যার মোকাবিলায় উদ্ভাবনী চিন্তাভাবনা, আন্তঃপ্রাতিষ্ঠানিক সহযোগিতা ও গবেষণালব্ধ জ্ঞানের বাস্তব প্রয়োগের ওপর তিনি গুরুত্ব আরোপ করেন। প্রধান অতিথি অধ্যাপক দেবাশিস সুর সুশাসন ও উদ্ভাবনের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করে তথ্যনির্ভর নীতিনির্ধারণ এবং আন্তঃবিষয়ক গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরেন। অন্যদিকে, অধ্যাপক ডি কে বৈদ্য বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে টেকসই উন্নয়নের সম্ভাবনার কথা বলেন। অধ্যাপক নিরঞ্জন রায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলির মধ্যে গবেষণার আদান-প্রদান ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। ড. মুনীন্দ্র মিশ্র ভারত বিকাশ পরিষদের সম্পর্ক, সহযোগ, সংস্কার, সেবা ও সমর্পণের আদর্শের তাৎপর্য ব্যাখ্যা করেন।

অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন আয়োজক কমিটির চেয়ারম্যান তথা আসাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের প্রধান ড. সৌমেন্দ্র ভট্টাচার্য। সেমিনারের পরিচালক ও ভারত বিকাশ পরিষদের দক্ষিণ শিলচর শাখার সভাপতি অধ্যাপক কিংশুক অধিকারী সেমিনারের উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সুশাসন ও টেকসই উন্নয়ন কেবল প্রশাসনিক কিংবা অর্থনৈতিক বিষয় নয়, এর সঙ্গে সমাজের সামগ্রিক অগ্রগতি ও ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণ জড়িত।

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে ভারত বিকাশ পরিষদের দক্ষিণ শিলচর শাখার স্মারকগ্রন্থ ‘উৎকর্ষ’ প্রকাশিত হয়। সম্পাদিকা ড. দর্শনা পাটোয়া জানান, স্মারকগ্রন্থে সংগঠনের সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক কর্মকাণ্ডের বিবরণ স্থান পেয়েছে।

সেমিনারের অন্যতম আকর্ষণ ছিল ‘কীনোট পার্সপেক্টিভস’ শীর্ষক প্লেনারি অধিবেশন। এতে বক্তব্য রাখেন অধ্যাপক দেবাশিস সুর, আসাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ও এমেরিটাস ফেলো অধ্যাপক নিখিল ভূষণ দে এবং নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জয় দাস।

সেমিনারে গবেষণাপত্র উপস্থাপনার জন্য সরাসরি ও অনলাইন—দুই মাধ্যমেই ব্যবস্থা রাখা হয়েছে। মোট ১৬টি কারিগরি অধিবেশনের মধ্যে আটটি সরাসরি এবং আটটি অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে। গবেষণাপত্রগুলির বিষয়বস্তুর বৈচিত্র্য ও মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত অধিবেশন সভাপতিরা।

সমগ্র অনুষ্ঠান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সহ-পরিচালক অধ্যাপক দেবতোষ চক্রবর্তী, অধ্যাপক হিমাদ্রি শেখর দাস ও অধ্যাপক পরাগ শীল। উদ্বোধনী অধিবেশন সঞ্চালনা করেন নবরূপা ধর। অনুষ্ঠানটি ইউটিউবের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ড. দর্শনা পাটোয়া। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *