বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : নেপালে ঘটে যাওয়া ভয়াবহ বন্যা ও ধসের মাঝে অসমের তিন যুবকের নিখোঁজ হওয়ার খবরে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। হোজাইয়ের এক এবং কার্বি আংলং জেলার দুই যুবক নেপালের বন্যার পর থেকেই নিখোঁজ রয়েছেন।
হোজাইয়ের হিন্দু ব্লক গ্রামের বাসিন্দা শতদল নাথ কাজের সূত্রে প্রায় এক বছর আগে নেপালে গিয়েছিলেন। নেপালে ভয়াবহ বন্যার পর থেকেই তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। শতদলের পরিবারে এই ঘটনাকে কেন্দ্র করে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।
অন্যদিকে, কার্বি আংলং জেলার লাংহিনের ডয়দাক গ্রামের দুই যুবক ঋতুপূর্ণ ব্রহ্ম এবং মন্ত্রী বসুমোতারিও নেপালের বন্যায় নিখোঁজ রয়েছেন। জানা গেছে, দুজনেই নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ছিলেন।
২৬ আগস্ট নেপালে ভয়াবহ বন্যা আসার পর থেকেই ঋতুপূর্ণ এবং মন্ত্রীর মোবাইল ফোন বন্ধ হয়ে রয়েছে। ফলে পরিবারের সদস্যরা তাঁদের সাথে কোনো ধরনের যোগাযোগ করতে পারছেন না।
ভাগ্যক্রমে, তাঁদের সঙ্গে থাকা সোমেশ্বর নার্জারি নামের অপর এক যুবক বন্যা থেকে বেঁচে গিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে নিখোঁজ যুবকদের পরিবারে আতঙ্ক ও উৎকণ্ঠা ছেয়ে রয়েছে। উদ্ধার অভিযানের মাধ্যমে অতি দ্রুত তাঁদের সন্ধান মিলবে বলে আশাপ্রকাশ করেছেন পরিবারের সদস্যরা।



