শিলচরে উড়ালপুল প্রকল্পের নকশা বদল, বিকল্প পরিকল্পনায় ব্যয় ৭০০ কোটি টাকা

Spread the news

বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : ব্যবসায়ীদের একাংশের দীর্ঘ দিনের আপত্তির মুখে শেষ পর্যন্ত শিলচর শহরের প্রস্তাবিত এলিভেটেড করিডর প্রকল্পের পরিকল্পনা বদল করল অসম সরকার। ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত ৫৮৩ কোটি টাকার উড়ালপুল প্রকল্পের পরিবর্তে এ বার দু’টি অপেক্ষাকৃত ছোট উড়ালপুল এবং শহরের গুরুত্বপূর্ণ অংশে চার লেনের রাস্তা নির্মাণের প্রস্তাব নেওয়া হয়েছে। নতুন প্রকল্পের আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৭০০ কোটি টাকা। অর্থাৎ, আগের পরিকল্পনার তুলনায় খরচ বাড়ছে প্রায় ১১৭ কোটি টাকা।

শুক্রবার কাছাড় জেলা আয়ুক্তের কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে বিকল্প পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অসমের মন্ত্রী কৌশিক রাই, সাংসদ সুস্মিতা দেব, বিধায়ক রাজদীপ রায় ও রাজদীপ গোয়ালা, শিলচর পুরনিগমের মেয়র অমরেন্দ্র পাল, ডেপুটি মেয়র বিজেন্দ্র প্রসাদ সিংহ, পূর্ত দফতরের বিশেষ আয়ুক্ত বিভূতি শইকিয়া, প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, পুরনিগমের কাউন্সিলর, বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও সামাজিক সংস্থার প্রতিনিধি এবং শহরের বিশিষ্ট নাগরিকেরা।

বৈঠকের পরে কৌশিকবাবু জানান, নতুন পরিকল্পনায় ক্যাপিটাল পয়েন্ট থেকে গোপীনাথ সিনেমা হল পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তা প্রশস্ত করে চার লেনের করা হবে। পাশাপাশি কৃষ্ণচরণ পাঠশালা থেকে গোপীনাথ সিনেমা হল পর্যন্ত ৫৪২ মিটার দীর্ঘ একটি উড়ালপুল এবং সদরঘাট থেকে রেডিয়ো স্টেশন পর্যন্ত ৫০০ মিটার দীর্ঘ আরও একটি উড়ালপুল নির্মাণের প্রস্তাব রয়েছে।

মন্ত্রী বলেন, ‘‘বিকল্প পরিকল্পনাটি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কাছে পাঠানো হবে। আশা করছি, আর দেরি না করে প্রকল্পটি চূড়ান্ত করা সম্ভব হবে।’’

প্রসঙ্গত, শিলচর শহরের ক্রমবর্ধমান যানজট নিরসনে ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত এলিভেটেড করিডর নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। গত বছরের ৯ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ৫৮৩ কোটি টাকার প্রকল্পটি অনুমোদন পায়। প্রকল্পের শিলান্যাসও হয়েছিল ১৪ মার্চ।

কিন্তু শুরু থেকেই প্রস্তাবিত উড়ালপুলের বিরোধিতায় সরব হন শহরের ব্যবসায়ীদের একাংশ। তাঁদের আশঙ্কা ছিল, দীর্ঘ উড়ালপুল নির্মিত হলে শহরের প্রধান বাণিজ্যিক এলাকার বহু দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে। নির্মাণকাজ চলাকালীন ব্যবসাবাণিজ্য ব্যাহত হওয়ার আশঙ্কাও প্রকাশ করেন তাঁরা। গত কয়েক মাস ধরে এই আপত্তি অব্যাহত থাকায় শেষ পর্যন্ত বিকল্প পরিকল্পনার পথে হাঁটতে হল সরকারকে।

তাৎপর্যপূর্ণ বিষয় হল, মূল প্রকল্পের প্রাথমিক কারিগরি কাজ ইতিমধ্যেই অনেকটা এগিয়েছিল। শিলচর সিভিল হাসপাতালের কাছে ৩০ মিটার গভীর পাইল ফাউন্ডেশনের ভারবহন ক্ষমতা যাচাইয়ের পরীক্ষাও সফল ভাবে সম্পন্ন করেছিলেন ইঞ্জিনিয়ারেরা। প্রায় ৫৫০ টন নির্ধারিত ভারবহন ক্ষমতার বিপরীতে ১,০১৪ টন ভার প্রয়োগ করেও কাঠামোয় কোনও সমস্যা ধরা পড়েনি বলে জানিয়েছিলেন সংশ্লিষ্ট আধিকারিকেরা। মাটি পরীক্ষার কাজও হয়েছিল। ডিসেম্বর মাসে পুরোদমে নির্মাণকাজ শুরু হওয়ার কথা ছিল।

এই পরিস্থিতিতে প্রকল্পের নকশা বদলের সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শহরের যানজট সমস্যা দীর্ঘ দিনের। অপরিসর রাস্তা, যানবাহনের ক্রমবর্ধমান চাপ এবং অপরিকল্পিত যান চলাচলের কারণে শহরের প্রধান সড়কগুলিতে প্রায় প্রতিদিনই যানজটে নাকাল হতে হয় সাধারণ মানুষকে।

শুক্রবারের বৈঠকে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা এবং শহরের ভবিষ্যৎ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিষয়েও আলোচনা হয়। বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের মতামত শোনেন প্রশাসনিক কর্তারা।

তবে নতুন পরিকল্পনা বাস্তবায়নের আগে মুখ্যমন্ত্রীর অনুমোদন এবং প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি ছাড়পত্র নিতে হবে। ফলে কবে নাগাদ নির্মাণকাজ শুরু হবে, তা এখনও স্পষ্ট নয়।

এখন প্রশ্ন, দীর্ঘ টানাপড়েনের পরে নতুন পরিকল্পনা শিলচরের যানজট সমস্যার কতটা স্থায়ী সমাধান করতে পারবে। সেই সঙ্গে আগের প্রকল্পের প্রাথমিক কাজের পরে নতুন নকশা কার্যকর করতে আরও কতটা সময় লাগবে, সে দিকেও নজর রয়েছে শহরবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *