বর্জ্য ব্যবস্থাপনা ও নেশামুক্ত ভারত অভিযান নিয়ে শিলচরে পিআইবির ‘বার্তালাপ’ কর্মশালা

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং নেশামুক্ত ভারত অভিযান সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতে সংবাদমাধ্যমের ভূমিকা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিলচরে অনুষ্ঠিত হলো আঞ্চলিক সংবাদমাধ্যম কর্মশালা ‘বার্তালাপ’। শুক্রবার শহরের একটি হোটেলে প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি), গুয়াহাটির উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় সাংবাদিক, গণমাধ্যম প্রতিনিধি এবং বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।

কর্মশালার সূচনায় বক্তব্য রাখতে গিয়ে পিআইবি গুয়াহাটির যুগ্ম অধিকর্তা পাবনি গুপ্তা বলেন, মাদকাসক্তি প্রতিরোধ, আক্রান্তদের পুনর্বাসন এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়ে জনমত গঠনে সংবাদমাধ্যমের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এদিন তিনি পিআইবির বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগ সম্পর্কেও বিস্তারিত তথ্য তুলে ধরেন।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত দূরদর্শন কেন্দ্র, গুয়াহাটির যুগ্ম অধিকর্তা তথা সংবাদ বিভাগের প্রধান অঙ্কুর লাহোটি বর্তমান সময়ে ডিজিটাল মাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব এবং সাংবাদিকতার ক্ষেত্রে নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। বৃহত্তর জনগোষ্ঠীর কাছে সংবাদ ও জনসচেতনতামূলক বার্তা পৌঁছে দিতে সামাজিক মাধ্যমের দায়িত্বশীল ও কার্যকর ব্যবহারের ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।

নেশামুক্ত ভারত অভিযান নিয়ে আলোচনায় কাছাড়ের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ ভাস্কর শিখা শইকিয়া মাদকবিরোধী অভিযানে পুলিশের বিভিন্ন পদক্ষেপ এবং অ্যান্টি-নারকোটিক্স টাস্ক ফোর্সের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

অন্যদিকে, তেজপুরের লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আঞ্চলিক মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের উপ-অধিকর্তা ডাঃ হেমন্ত দত্ত মাদকাসক্তিকে একটি চিকিৎসাযোগ্য সমস্যা হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, মাদকাসক্তি থেকে মুক্তির ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবারের সহযোগিতা, চিকিৎসা এবং উপযুক্ত পুনর্বাসন অত্যন্ত জরুরি। বিষয়টি নিয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সংবেদনশীলতা ও নৈতিক সাংবাদিকতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন ইস্টার্ন ক্রনিকলের সম্পাদক ডা. সুজাতা চৌধুরী ধর। তিনি দায়িত্বশীল প্রতিবেদনের মাধ্যমে সমাজে ইতিবাচক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।

কর্মশালার দ্বিতীয় পর্যায়ে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বক্তব্য রাখেন শিলচর পুরনিগমের আরবান টেকনিক্যাল অফিসার দীপক কুমার পৌরেল। তিনি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি, ২০২৬-এর বিভিন্ন দিক ব্যাখ্যা করে শহরকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে তুলতে পরিকল্পিত বর্জ্য নিষ্কাশন এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন।

কর্মশালায় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর ও মতবিনিময় পর্বও অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট বিষয়ে সাংবাদিকরা তাঁদের বিভিন্ন প্রশ্ন ও অভিমত তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপন করেন কেন্দ্রীয় যোগাযোগ ব্যুরোর শিলচর ফিল্ড অফিসের ফিল্ড পাবলিসিটি অফিসার ডব্লিউ. পান্থোইবি সিংহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *