বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : ফল প্রক্রিয়াকরণ ও মূল্য সংযোজনের মাধ্যমে কর্মসংস্থান ও স্বনির্ভরতার নতুন দিশা দেখানোর লক্ষ্যে শুক্রবার থেকে আসাম বিশ্ববিদ্যালয়ে শুরু হল ছয় সপ্তাহব্যাপী উদ্যোক্তা ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি। এদিন এই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক রাজীবমোহন পন্থ। কেন্দ্র সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প মন্ত্রকের অধীন শিলচরের ব্রাঞ্চ ডেভেলপমেন্ট অ্যান্ড ফ্যাসিলিটেশন কার্যালয়ের উদ্যোগে আসাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনস ইনোভেশন কাউন্সিল, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট সেল এবং কৃষি প্রকৌশল বিভাগের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএসএমই-ডিএফও, শিলচরের সহকারী অধিকর্তা মি: সুমিত, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার দদরগাকোনা শাখার ম্যানেজার অভিষেক মেহতা, এডিসি-র অধিকর্তা অধ্যাপক দেবমাল্য ঘোষ, সমাজকর্ম বিভাগের অধ্যাপকা অদিতি নাথ এবং কৃষি প্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. অজিতা তিওয়ারি সহ বিভাগের শিক্ষক ও কর্মীরা।

স্বাগত বক্তব্যে ড. অজিতা তিওয়ারি ফল প্রক্রিয়াকরণ ও মূল্য সংযোজনের গুরুত্ব তুলে ধরে বলেন, এর মাধ্যমে ফসল সংগ্রহ-পরবর্তী অপচয় কমানোর পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত ফল ও উদ্যানজাত সম্পদের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব। একই সঙ্গে এই ক্ষেত্র নতুন উদ্যোক্তা তৈরি এবং স্বনিয়োজনের সুযোগ সৃষ্টি করতে পারে। প্রযুক্তিগত জ্ঞানকে বাস্তব দক্ষতা ও লাভজনক উদ্যোগে রূপান্তরিত করতে বিভিন্ন প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতার ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন।

উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ উত্তর-পূর্ব ভারতের কৃষি ও উদ্যানজাত সম্পদের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে দক্ষতাভিত্তিক শিক্ষা, উদ্ভাবন এবং উদ্যোগী মানসিকতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। প্রশিক্ষণার্থীদের এই সুযোগ যথাযথভাবে কাজে লাগিয়ে ভবিষ্যতে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশের আহ্বান জানান তিনি। পাশাপাশি টেকসই জীবিকা ও কর্মসংস্থান সৃষ্টিতে শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি সংস্থা এবং শিল্পক্ষেত্রের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেন।

এই প্রশিক্ষণ কর্মসূচিতে ফল প্রক্রিয়াকরণের বিভিন্ন প্রযুক্তি, নতুন খাদ্যপণ্য তৈরি, গুণমান নিয়ন্ত্রণ, প্যাকেজিং এবং ব্যবসায়িক উদ্যোগ গড়ে তোলার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণকে আরও কার্যকর ও ব্যবহারিক করে তুলতে এবার আসনসংখ্যা সীমিত রেখে সর্বোচ্চ ৩০ জনকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন এবং শিল্প-শিক্ষাপ্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক কর্মসংস্থান ও স্বনির্ভরতার সুযোগ সম্প্রসারণে আসাম বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক উদ্যোগেরই প্রতিফলন এই কর্মসূচি।



