প্রাণতোষ ও মালতি চক্রবর্তীর স্মৃতিতে অসহায় মহিলাদের মধ্যে কম্বল বিতরণ খোঁজের

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : প্রয়াত প্রাণতোষ চক্রবর্তী ও মালতি চক্রবর্তীর স্মৃতিতে অসহায় মহিলাদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। তাঁদের পুত্র চন্দন চক্রবর্তী এই মহতী উদ্যোগের জন্য কম্বল তুলে দেন ‘খোঁজ শিলচর’ সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার হাতে। বুধবার সন্ধ্যা ৬টায় অগ্রণী ক্লাবের সহযোগিতায় অসহায় মহিলাদের মধ্যে এই কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দন চক্রবর্তী, প্রশান্ত কিশোর দাস, নিতু ভট্টাচার্য, অনুপ চক্রবর্তী, বাণী শর্মা ও মৈত্রী শর্মা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ঋতেন ভট্টাচার্য। অগ্রণী ক্লাবের সভাপতি মণি ভট্টাচার্য তাঁর বক্তব্যে এই কম্বল বিতরণ কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি ক্লাবের সাধারণ সম্পাদক শংকর দাস আগামী দিনে আরও বৃহৎ পরিসরে সামাজিক অনুষ্ঠান আয়োজনের ইচ্ছা প্রকাশ করেন।

‘খোঁজ শিলচর’-এর সামাজিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন উপস্থিত অতিথিরা। সংস্থার সাধারণ সম্পাদক সজল লস্কর জানান, চলতি বছরে ৬৫০০টি কম্বল বিতরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সাধারণ মানুষের সহযোগিতা পেলে এই লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি এও জানান, প্রতি বছরই জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে ছয় হাজারেরও বেশি কম্বল বিতরণ করে থাকে সংস্থাটি।

সাংবাদিক ঋতেন ভট্টাচার্য তাঁর বক্তব্যে বলেন, তিনি দীর্ঘদিন ধরে সংস্থার কর্মকাণ্ড প্রত্যক্ষ করছেন এবং নিজেও এই সামাজিক উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন। আগামী দিনে সংস্থার কাছ থেকে আরও ভালো কাজ দেখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সংস্থার উত্তরোত্তর সাফল্য কামনায় সবার সহযোগিতা ও আশীর্বাদ প্রার্থনা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *