রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১৮ নভেম্বর : ভাগা-শেরখান সড়কে এক ভয়াবহ দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চলন্ত একটি গাড়ির ধাক্কায় রাস্তার পাশের বিদ্যুতের খুঁটি ভেঙে গাড়িটির উপর আছড়ে পড়ে। এতে গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে সবচেয়ে বিস্ময়কর বিষয়, দুর্ঘটনার পর গাড়ির চালকসহ কোনও আরোহীকেই ঘটনাস্থলে পাওয়া যায়নি। ফলে তাঁদের পরিচয় ও শারীরিক অবস্থা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে।

জানা গেছে, বুধবার রাত প্রায় ৯টা নাগাদ ভাগা-শেরখান সড়কের শ্যামাচরণপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। ভাগা বাজারের দিক থেকে কুলিছড়ার অভিমুখে যাচ্ছিল এএস ১১ এজি ২৩৯৯ নম্বরের একটি সাদা রঙের মারুতি ইগনিস গাড়ি। দ্রুতগতিতে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারেন। ধাক্কার তীব্রতায় খুঁটিটি ভেঙে গিয়ে সরাসরি গাড়ির উপর পড়ে। এতে গাড়িটির সামনের ও অন্যান্য অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

বিকট শব্দ শুনে আশপাশের বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এলেও ততক্ষণে গাড়ির চালকসহ অন্য আরোহীরা সেখান থেকে উধাও হয়ে যান। গাড়িতে ঠিক কতজন ছিলেন, তাঁরা কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এদিকে, এই দুর্ঘটনাকে ঘিরে এলাকায় নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। স্থানীয়দের একাংশের সন্দেহ, গাড়িতে মাদকদ্রব্য থাকতে পারে। যদিও এই সন্দেহের পক্ষে এখনও কোনও প্রমাণ পাওয়া যায়নি। অন্যদিকে, কেউ কেউ মনে করছেন, কোনও কারণে তাড়াহুড়ো করে দ্রুতগতিতে যাওয়ার সময়ই চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান।

তবে দুর্ঘটনার প্রকৃত কারণ, গাড়ির চালক ও আরোহীদের পরিচয় এবং তাঁদের ঘটনাস্থল ছেড়ে চলে যাওয়ার কারণ এখনও অজানা। পুলিশি তদন্তের পরই গোটা বিষয়টি স্পষ্ট হবে বলে মনে করছেন স্থানীয়রা।
দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি এবং ভেঙে পড়া বিদ্যুতের খুঁটি ঘটনাস্থলে পড়ে থাকলেও গাড়ির আরোহীদের কোনও সন্ধান না মেলায় এলাকায় উদ্বেগ ও কৌতূহল তৈরি হয়েছে। এখন একটাই প্রশ্ন—দুর্ঘটনার পর কোথায় গেলেন গাড়ির চালক ও অন্য আরোহীরা?



