রাধামাধব কলেজে প্রাক্তনীদের কার্যালয় ভবনের উদ্বোধন দীপায়ন চক্রবর্তীর

Spread the news

বরাক তরঙ্গ, ১৮ নভেম্বর : রাধামাধব কলেজের প্রাক্তনীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। বুধবার কলেজ প্রাঙ্গণে রাধামাধব কলেজ অ্যালুমনি অ্যাসোসিয়েশনের নবনির্মিত কার্যালয় ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন শিলচরের প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। ফলক উন্মোচন ও ফিতা কেটে ভবনের দ্বারোদ্ঘাটন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে কলেজের কনফারেন্স হলে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কাউন্সিলর আইনজীবী সুস্মিতা পুরকায়স্থ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরী, অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সভাপতি দেবাশিস সোম, সাধারণ সম্পাদক রাজদীপ অধিকারী, প্রাক্তন অধ্যক্ষ ড. প্রভাত কুমার সিনহা-সহ কলেজের শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সূচনায় সংগীত পরিবেশন করেন অতিথি অধ্যাপিকা বৈশালী চক্রবর্তী। প্রয়াত শিল্পী জুবিন গার্গের গান ‘মায়াবিনী রাতির বুকুত’ পরিবেশনের মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয়।

বক্তারাও প্রাক্তনীদের জন্য পৃথক কার্যালয় নির্মাণে দীপায়ন চক্রবর্তীর উদ্যোগের প্রশংসা করেন। প্রাক্তন অধ্যক্ষ প্রভাত কুমার সিনহা তাঁর মূল্যবোধভিত্তিক রাজনৈতিক চিন্তাধারার প্রশংসা করেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুন্ধতী দত্ত চৌধুরী কলেজের উন্নয়নে তাঁর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সভাপতি দেবাশিস সোম জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে কলেজের মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করার উদ্যোগ নেওয়া হবে। এদিন কলেজের প্রতিষ্ঠালগ্নের প্রথম ব্যাচের প্রাক্তনী রঞ্জিত কুমার চন্দকে উত্তরীয় পরিয়ে সম্মানিত করেন দীপায়ন চক্রবর্তী। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষাকর্মী ও বহু প্রাক্তনীর উপস্থিতিতে কলেজের ঐতিহ্য ও প্রাক্তনীদের সঙ্গে প্রতিষ্ঠানের সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, বিধায়ক থাকাকালীন নিজের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে এই ভবন নির্মাণের জন্য ১০ লক্ষ টাকা অনুদান মঞ্জুর করেছিলেন দিপায়ন চক্রবর্তী। নির্বাচন আচরণবিধি ও কলেজের বিভিন্ন কারণে এতদিন উদ্বোধন সম্ভব না হলেও এদিন সেই প্রতীক্ষার অবসান ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *