বরাক তরঙ্গ, ১৮ নভেম্বর : শত বাধা, নিষেধাজ্ঞা ও দমন-পীড়ন সত্ত্বেও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) অগ্রযাত্রা থামানো যায়নি। এমনকী জরুরি অবস্থার সময়েও সংগঠনকে স্তব্ধ করার চেষ্টা ব্যর্থ হয়েছে। প্রতিকূলতা অতিক্রম করেই সংঘ শতবর্ষের দোরগোড়ায় পৌঁছেছে। তবে শতবর্ষ পূর্তি কোনও চূড়ান্ত সাফল্য নয়, বরং আগামী দিনের দায়িত্ব পালনের নতুন সূচনা। মঙ্গলবার শিলচরের গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক বৌদ্ধিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন আরএসএসের সরসংঘচালক মোহন ভাগবত।

সংঘের শতবর্ষের পথচলার বিভিন্ন প্রতিকূলতার কথা উল্লেখ করে ভাগবত বলেন, গত একশো বছরে সংগঠনকে দমিয়ে রাখা এবং নিশ্চিহ্ন করার একাধিক চেষ্টা হয়েছে। কিন্তু কোনও বাধাই সংঘের অগ্রযাত্রাকে রুখতে পারেনি। তাই শতবর্ষের সাফল্যে আত্মতুষ্ট না হয়ে দেশকে পরম বৈভবের শিখরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আরও নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে কাজ করতে হবে। দক্ষিণ অসমের স্বয়ংসেবকদের প্রতিও একই দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সংঘের সাংগঠনিক দর্শন ব্যাখ্যা করতে গিয়ে নিঃস্বার্থ সেবার মানসিকতাকে মূল আদর্শ হিসেবে তুলে ধরেন ভাগবত। তাঁর কথায়, ব্যক্তিগত স্বার্থ বা প্রাপ্তির প্রত্যাশা নয়, সমাজ ও দেশের জন্য কিছু করার তাগিদ থেকেই স্বয়ংসেবকরা সংঘের সঙ্গে যুক্ত হন।
এদিন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ‘পঞ্চ পরিবর্তন’-এর উপর বিশেষ গুরুত্ব দেন সংঘপ্রধান। সামাজিক সম্প্রীতি, পারিবারিক মূল্যবোধ, পরিবেশ সংরক্ষণ, স্বদেশি ভাবনা এবং নাগরিক কর্তব্য—এই পাঁচটি বিষয়কে দৈনন্দিন জীবনে বাস্তবায়িত করার আহ্বান জানান তিনি।

জাতপাতের বৈষম্য ও অস্পৃশ্যতা দূর করে সামাজিক ঐক্য প্রতিষ্ঠা, ‘কুটুম্ব প্রবোধন’-এর মাধ্যমে পারিবারিক বন্ধন দৃঢ় করা এবং প্রজন্মের মধ্যে সংলাপ বাড়ানোর উপর জোর দেন ভাগবত। পাশাপাশি জলসম্পদ রক্ষা, বৃক্ষরোপণ, প্লাস্টিকের ব্যবহার হ্রাস ও পরিবেশবান্ধব জীবনযাপনের পরামর্শ দেন। দেশীয় পণ্যের ব্যবহার ও অর্থনৈতিক স্বনির্ভরতার পাশাপাশি সাংবিধানিক মূল্যবোধ, সামাজিক শৃঙ্খলা এবং দায়িত্বশীল নাগরিকত্বের প্রতিও গুরুত্ব আরোপ করেন তিনি।
প্রসঙ্গত, সংঘের নিয়মিত ‘প্রবাস’ কর্মসূচির অঙ্গ হিসেবে দু’দিনের সফরে সোমবার শিলচরে আসেন মোহন ভাগবত। দক্ষিণ অসমে সাংগঠনিক কর্মকাণ্ড পর্যালোচনা এবং বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ছিল তাঁর সফরের মূল উদ্দেশ্য। সোমবার সন্ধ্যায় সংঘের প্রবীণ নেতাদের সঙ্গে সাক্ষাতের পর মঙ্গলবার কর্মকর্তা ও স্বয়ংসেবকদের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি।



