শ্রীভূমির উন্নয়নে গতি আনতে তিন ঘণ্টার ম্যারাথন রিভিউ বৈঠক কৃষ্ণেন্দু পালের

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২০ জুলাই :
শ্রীভূমি জেলার সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে সোমবার জেলা কমিশনারের সম্মেলন কক্ষে প্রায় তিন ঘণ্টাব্যাপী এক উচ্চপর্যায়ের রিভিউ বৈঠকে সভাপতিত্ব করেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি (PHE) এবং পার্বত্য এলাকা ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল।

সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ শুরু হওয়া বৈঠকে জেলার চলমান উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি, বাস্তবায়নের বর্তমান অবস্থা, জনস্বার্থ সংশ্লিষ্ট পরিষেবার মানোন্নয়ন এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। প্রতিটি বিভাগের কাজ পৃথকভাবে খতিয়ে দেখে প্রয়োজনীয় নির্দেশ দেন মন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদী, সিনিয়র পুলিশসুপার লীনা দোলে সহ প্রধান প্রকৌশলী (স্যানিটেশন), শ্রীভূমি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান, জেলা পরিষদের সভাপতি, শ্রীভূমি পুরসভার চেয়ারম্যান, জেলা বিজেপি ও এজিপি-র সভাপতি, পিএইচই বিভাগের ঊর্ধ্বতন আধিকারিক, জেলা পরিষদের সিইও, বিভিন্ন উন্নয়ন খণ্ডের বিডিও, এপিডিসিএল, এনএইচআইডিসিএল, রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা, পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন, জেলা পরিবহন দপ্তরসহ একাধিক সরকারি বিভাগের প্রতিনিধিরা।

বৈঠকে পানীয়জল সরবরাহ, জাতীয় ও রাজ্য সড়কের উন্নয়ন, গ্রামীণ সড়ক নির্মাণ, বিদ্যুৎ পরিষেবা, পঞ্চায়েতভিত্তিক উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, জনস্বাস্থ্য পরিষেবা এবং অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তৃত আলোচনা হয়। যেসব প্রকল্প নির্ধারিত সময়সূচির তুলনায় পিছিয়ে রয়েছে, সেগুলি দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট বিভাগগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দেন মন্ত্রী।

বৈঠকে কৃষ্ণেন্দু পাল বলেন, “সরকারের লক্ষ্য শুধু প্রকল্প ঘোষণা করা নয়, সেই প্রকল্পের সুফল দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। উন্নয়নের কাজে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। প্রতিটি দপ্তরকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে এবং মানুষের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।”
তিনি আরও বলেন, প্রশাসন, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সরকারি বিভাগের মধ্যে সমন্বয় যত শক্তিশালী হবে, জেলার উন্নয়নের গতিও তত বাড়বে। বিশেষ করে পানীয়জল, সড়ক যোগাযোগ, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ পরিষেবা ও জনকল্যাণমূলক প্রকল্পগুলি নির্ধারিত সময়ে সম্পন্ন করার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, জেলার প্রতিটি উন্নয়নমূলক প্রকল্প নিয়মিত পর্যবেক্ষণের আওতায় রয়েছে। যেসব প্রকল্পে বিলম্ব হচ্ছে, সেগুলি দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। পানীয়জল, সড়ক, গ্রামীণ উন্নয়ন, বিদ্যুৎ পরিষেবা এবং প্রশাসনিক সমন্বয়সহ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নেরও উত্তর দেন তিনি।

জেলা কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদী জানান, জেলার সমস্ত দপ্তর সমন্বিতভাবে কাজ করছে যাতে সরকারি প্রকল্পগুলির সুফল দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। তিন ঘণ্টাব্যাপী এই রিভিউ বৈঠক এবং পরবর্তী সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উন্নয়নমূলক প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়ন, প্রশাসনিক জবাবদিহিতা এবং আন্তঃবিভাগীয় সমন্বয় আরও শক্তিশালী করার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *