
বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : কাছাড় জেলায় হেরোইন পাচারের একটি প্রচেষ্টা বানচাল করল আসাম রাইফেলস। কাছাড় পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে ১.০৫ কোটি টাকা আনুমানিক বাজারমূল্যের ১৫১ গ্রাম হেরোইন উদ্ধার করার পাশাপাশি দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, কাছাড় জেলার মাছিমপুরের অরুণাচল জংশন এলাকায় অভিযান চালায় আসাম রাইফেলস ও কাছাড় পুলিশের যৌথ দল। শিলচর থেকে আগরতলাগামী ট্রেনে যাত্রা করা দুই ব্যক্তিকে অরুণাচল জংশনে আটক করা হয়।
এরপর তাঁদের তল্লাশি চালিয়ে ১৩টি সাবানের বাক্সে লুকিয়ে রাখা ১৫১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পাশাপাশি একটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে।

ধৃত দুই ব্যক্তি ত্রিপুরার পশ্চিম ত্রিপুরা জেলার বাসিন্দা বলে জানা গেছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্যসহ ধৃতদের পরবর্তী তদন্ত ও আইনানুগ পদক্ষেপের জন্য কাছাড় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।




