শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে কাছাড় জেলার শিলচরেও সোমবার জাতীয় প্রেস দিবস পালন করল জার্নালিস্টস ইউনিয়ন অব আসামের অনুমোদিত সংগঠন বরাক উপত্যকা সাংবাদিক সংস্থা। এউপলক্ষে সংস্থার শিলচরের সুভাষনগরস্থিত কার্যালয়ে এক বিশেষ সভার আয়োজন করা হয়। সংস্থার সভাপতি ড. হারাণ দে-র পৌরোহিত্যে অনুষ্ঠিত এই সভায় সংবাদ মাধ্যমের সামাজিক দায়বদ্ধতা, গণতন্ত্র রক্ষায় সংবাদ মাধ্যমের ভূমিকা এবং সাংবাদিকদের নিরাপত্তার বিষয়গুলি বিশেষ গুরুত্ব পায়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে সভাপতি হারাণ দে বলেন, একটি দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রাতেও সংবাদ মাধ্যমের ভূমিকা অপরিসীম। সমাজের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া ঘটনা, অন্যায়-অবিচার এবং সাধারণ মানুষের সমস্যা গুলি জনসমক্ষে তুলে ধরার ক্ষেত্রে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

অন্যদিকে, সংস্থার সাধারণ সম্পাদক বিপ্লব পাল চৌধুরী সাংবাদিকদের দায়বদ্ধতার ওপর আলোকপাত করে বলেন, সাংবাদিকদের কাজ শুধু সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়। সত্য উদ্ঘাটন, অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন তোলা এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে আত্মপ্রকাশ করাও সাংবাদিকতার অন্যতম প্রধান দায়িত্ব। তিনি আরও বলেন, সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত। তাই সাংবাদিকতার স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ প্রসঙ্গে তিনি প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার কাছে সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব সহকারে বিবেচনা করার আহ্বান জানান।
সভায় সংস্থার দুই সহ-সভাপতি রিতেন ভট্টাচার্য ও শমীন্দ্র পাল সংবাদ মাধ্যমের সামাজিক ভূমিকা এবং সাংবাদিকতার নৈতিক দায়বদ্ধতা সম্পর্কে নিজেদের মতামত ব্যক্ত করেন।

এ ছাড়াও সভায় সুবীর কুমার ভট্টাচার্য, জয় রায়, প্রদীপ চন্দ্র দাস, তন্ময় চক্রবর্তী, বারীন্দ্র কুমার দাস, আশিস দাস, কিরণ রাশ সহ সংস্থার আরও কয়েকজন কর্মকর্তা বক্তব্য রাখেন।
জাতীয় প্রেস দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে আয়োজিত এই সভায় মুক্ত, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব আরও একবার প্রতিফলিত হয়।



