১৬ নভেম্বর : কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালিসংলগ্ন এলাকা থেকে সেনা সরিয়ে এডেন ও আশপাশের অঞ্চলের নিরাপত্তা জোরদার করছে সউদী আরব-সমর্থিত ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী। এতে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথটির কাছে হুতিদের প্রভাব আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
রবিবার দক্ষিণ ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানায়, তাইজ প্রদেশের পশ্চিমাঞ্চলে ধুবাব বিমানবন্দর ও বাব আল-মান্দেবসংলগ্ন এলাকা থেকে সেনা সরিয়ে অন্যত্র মোতায়েন করা হচ্ছে। বাহিনীর ভাষ্য, এডেন ও পার্শ্ববর্তী প্রদেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, প্রতিরক্ষা অবস্থান শক্তিশালী করা এবং বিদ্যমান হুমকি মোকাবিলাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাব আল-মান্দেবসংলগ্ন এলাকা থেকে সরকারি বাহিনীর সেনা সরিয়ে নেওয়া হুতিদের বিরুদ্ধে সউদী-সমর্থিত সামরিক অভিযানের জন্য বড় ধাক্কা। ইয়েমেনের সামরিক সূত্র জানিয়েছে, ওই এলাকার সেনাদের আল-সুকিয়াহ নামের একটি স্থানে পুনরায় মোতায়েন করা হয়েছে। জায়গাটি ধুবাবের দক্ষিণে এবং এডেন থেকে প্রায় ১৫০ কিলোমিটার পশ্চিমে।
তবে সেনা সরিয়ে নেওয়ার অর্থ ওই এলাকায় হুতিদের বিরুদ্ধে লড়াই পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া নয়। সামরিক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বাব আল-মান্দেবের কাছাকাছি উপকূলীয় এলাকা থেকে হুতিদের সরিয়ে দেওয়ার চেষ্টা এখনো চলছে।
গত সেপ্টেম্বর মাসে হুতিরা ইয়েমেনের লোহিত সাগর উপকূলের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় দ্রুত অগ্রসর হয়। এর জবাবে অক্টোবর মাসে সরকারি বাহিনী পাল্টা অভিযান শুরু করে। ওই অভিযানে বাব আল-মান্দেবের কাছের ধুবাবসহ কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থান পুনর্দখল করা হয়। তবে উপকূলীয় শহর আল-মোখা ও আশপাশের এলাকা থেকে হুতিদের পুরোপুরি সরানো সম্ভব হয়নি।

এদিকে তাইজ অঞ্চলে হুতিদের অগ্রযাত্রা এবং এডেনের দিকে তাদের চাপ বাড়তে থাকায় সরকারি বাহিনীর অবস্থান আরও কঠিন হয়ে পড়েছে। হুতিরা তাইজের বিভিন্ন এলাকায় অগ্রসর হয়ে শহরটিকে অবরুদ্ধ করে রেখেছে। এতে সেখানে মানবিক পরিস্থিতির অবনতি হচ্ছে। শহরটিতে সাম্প্রতিক সংঘাতে বাস্তুচ্যুত প্রায় তিন লাখ মানুষের অর্ধেক অবস্থান করছে। অবরোধের কারণে সেখানে ত্রাণ পৌঁছানো এবং সাধারণ মানুষের বেরিয়ে আসা কঠিন হয়ে পড়েছে।




