বরাক তরঙ্গ, ১৫ নভেম্বর : আনন্দমার্গ প্রচারক সংঘের প্রতিষ্ঠাতা শ্রীশ্রী আনন্দমূর্তিজির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রবিবার শিলচরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কীর্তন পরিক্রমার আয়োজন করে আনন্দমার্গী শিলচর ডায়োসিস। ১৯৮৯ সালের ১৩ ও ১৫ নভেম্বর গান্ধীভবন হলে অনুষ্ঠিত তাঁর ঐতিহাসিক ধর্মমহাচক্রের স্মৃতিকে স্মরণ করে দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়।
এদিন সকাল সাড়ে ৬টায় গান্ধীভবন অডিটোরিয়ামে ‘বাবা নাম কেবলম’ সিদ্ধ কীর্তন মন্ত্র উচ্চারণ ও সাধনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শ্রীশ্রী আনন্দমূর্তিজির প্রতিকৃতি সংবলিত সুসজ্জিত ট্যাবলো এবং প্রভাতফেরি সহযোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত চলা এই শোভাযাত্রাটি গান্ধীভবন থেকে শুরু হয়ে সেন্ট্রাল রোড, নাজিরপট্টি, প্রেমতলা, হাসপাতাল রোড ও রাঙিরখাড়ি পরিক্রমা করে রবীন্দ্র সরণিস্থ আনন্দমার্গ আশ্রমে গিয়ে শেষ হয়। পথে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভারও আয়োজন করা হয়। আশ্রমে পৌঁছানোর পর সমবেত সাধনা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। এরপর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত একটানা ‘অখণ্ড বাবানাম কেবলম’ কীর্তন পরিবেশিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভুক্তিপ্রধান পান্না রায় শ্রীশ্রী আনন্দমূর্তিজিকে দর্শনগুরু, শিক্ষাগুরু, সমাজগুরু ও সংগীতগুরু হিসেবে অভিহিত করেন। মানবসমাজের সার্বিক কল্যাণে তাঁর প্রবর্তিত ‘নব্যমানবতাবাদ’ দর্শনের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, এই দর্শনের মূল কথা হলো শুধু মানুষের নয়, পশুপাখি ও তরুলতাসহ সমগ্র জীবজগতের কল্যাণ সাধন। ধর্মকে তিনি অন্তরের বিষয় এবং আত্মোপলব্ধির পথ হিসেবেও ব্যাখ্যা করেন।

অন্যদিকে, ডায়োসিস সেক্রেটারি আচার্য ভক্তি নিষ্ঠানন্দ অবধূত তাঁর বক্তব্যে শ্রীশ্রী আনন্দমূর্তিজির বহুমুখী অবদানের কথা তুলে ধরেন। তিনি জানান, ১৯৮২ থেকে ১৯৯০ সালের মধ্যে শ্রীশ্রী আনন্দমূর্তি প্রায় ৫,০১৮টি প্রভাতসংগীত রচনা করেন। সমাজ ও অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে তিনি ‘প্রাউট’ বা প্রগতিশীল ব্যবহার তত্ত্ব প্রবর্তন করেন। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ ও মানবসেবার উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন ‘আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টিম’।

বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, ভারতের সুপ্রিম কোর্ট আনন্দমার্গকে হিন্দুধর্মের অন্তর্গত একটি ধর্মীয় সম্প্রদায় বা ডিনোমিনেশন হিসেবে স্বীকৃতি দিয়েছে।
আধ্যাত্মিক চেতনার বিকাশ, মানবপ্রেম এবং সমগ্র জীবজগতের প্রতি সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে দিনব্যাপী এই কর্মসূচির পরিসমাপ্তি ঘটে।



