বরাক তরঙ্গ, ১৫ নভেম্বর: গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্য মুক্ত বিশ্ববিদ্যালয় (KKHSOU) স্টাডি সেন্টারের উদ্যোগে স্নাতক (UG) ও স্নাতকোত্তর (PG) প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের নিয়ে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এই অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের মুক্ত ও দূরশিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন KKHSOU-র আঞ্চলিক অধিকর্তা অমর ঘোষ, গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তথা KKHSOU স্টাডি সেন্টারের কেন্দ্র-ইনচার্জ ড. অভিজিৎ নাথ, বিশ্ববিদ্যালয়ের IGNOU স্টাডি সেন্টারের সমন্বয়ক চন্দন পাল চৌধুরী, KKHSOU স্টাডি সেন্টারের সমন্বয়ক ড. যোগেশ্বর বর্মন এবং সহকারী সমন্বয়ক ড. সৈকতেন্দু দেব রায়।
প্রারম্ভিক বক্তব্যে ড. যোগেশ্বর বর্মন শিক্ষার্থীদের স্বাগত জানান। পাশাপাশি উচ্চশিক্ষার প্রসারে মুক্ত ও দূরশিক্ষা ব্যবস্থার (ODL) গুরুত্ব ও প্রাসঙ্গিকতা তুলে ধরেন।

আঞ্চলিক অধিকর্তা অমর ঘোষ তাঁর বক্তব্যে দূরশিক্ষায় অ্যাসাইনমেন্ট এবং ইলেকট্রনিক স্ব-শিক্ষণ সামগ্রীর (e-SLM) গুরুত্ব ব্যাখ্যা করেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে উপলব্ধ বিভিন্ন শিক্ষামূলক উপকরণ ও পরিষেবা ব্যবহারের পদ্ধতিও সরাসরি প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। অন্যদিকে, চন্দন পাল চৌধুরী পরীক্ষার ক্ষেত্রে স্বচ্ছতা, নিষ্ঠা ও শিক্ষাগত সততা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।

এরপর অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর ও মতবিনিময় পর্ব। এতে শিক্ষার্থীরা তাঁদের বিভিন্ন প্রশ্ন ও সমস্যার কথা তুলে ধরেন। উপস্থিত আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা সেগুলির উত্তর দেওয়ার পাশাপাশি শিক্ষাগত এবং প্রশাসনিক বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
সভাপতির বক্তব্যে ড. অভিজিৎ নাথ মুক্ত ও দূরশিক্ষা এবং দক্ষতাভিত্তিক শিক্ষার ক্রমবর্ধমান গুরুত্বের কথা উল্লেখ করেন। এই শিক্ষা ব্যবস্থা ভবিষ্যতে শিক্ষার্থীদের সামনে নতুন সম্ভাবনা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। একই সঙ্গে উপলব্ধ শিক্ষামূলক উপকরণ যথাযথভাবে ব্যবহারের পরামর্শ দিয়ে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।
এদিন কাজিরাঙ্গার রঙ্গাজানে সড়ক দুর্ঘটনায় নিহত ২৬ জনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনায় উপস্থিত সকলে এক মিনিট নীরবতা পালন করেন।
অনুষ্ঠানের শেষে ড. যোগেশ্বর বর্মন ধন্যবাদ জ্ঞাপন করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন KKHSOU স্টাডি সেন্টারের সহকারী সমন্বয়ক ড. সৈকতেন্দু দেব রায়।



