১৫ নভেম্বর : ট্রায়াল রুমে নিয়ে গিয়ে তরুণীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে। শনিবার রাতে দিল্লির মোতি নগরের ঘটনা। মৃত তরুণীর নাম শবনম (১৮)। ওই শোরুমেই কাজ করতেন তিনি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্যক্তিগত সম্পর্কের টানাপড়েনের জেরেই খুনের ঘটনা ঘটে থাকতে পারে। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পশ্চিম দিল্লিতে থাকতেন শবনম। কাজ করতেন মোতি নগর মেট্রো স্টেশনের সামনের ওই শোরুমে। অভিযুক্ত যুবক তাঁর পূর্বপরিচিত। এক সময়ে তাঁদের মধ্যে সম্পর্ক ছিল বলেও জানতে পেরেছে পুলিশ। তদন্তে জানা গিয়েছে, শনিবার রাতে শোরুমে যান ওই যুবক। তার পরে তরুণীকে ট্রায়াল রুমে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপান বলে অভিযোগ।
প্রাথমিক তদন্তে অনুমান, শবনমের সঙ্গে এক সময়ে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল অভিযুক্তের। তবে গত কয়েক মাসে তাঁদের সম্পর্কের অবনতি হয়। সেই টানাপড়েন থেকেই হামলা কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার পরেই পালিয়ে যান অভিযুক্ত যুবক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

শনিবার রাত ৯টা নাগাদ ঘটনাটি সামনে আসে। শোরুম বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন কর্মীরা। সেই সময় ট্রায়াল রুমগুলি পরীক্ষা করতে গিয়ে রক্তাক্ত অবস্থায় শবনমকে পড়ে থাকতে দেখেন তাঁরা। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে তরুণীর গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যায়। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

শোরুমের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কী ভাবে অভিযুক্ত শোরুমে ঢুকেছিলেন, ঘটনার পর কোন পথে পালান, তা জানার চেষ্টা চলছে। এখনও পর্যন্ত অভিযুক্তের কোনও সন্ধান মেলেনি বলেই জানা গিয়েছে। একতরফা প্রেম, ব্যক্তিগত বিবাদ-সহ সমস্ত সম্ভাব্য দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
খবর : এইসময় অনলাইন।



