মাকে ছুরিকাঘাতের অভিযোগ নবম শ্রেণির ছেলের বিরুদ্ধে, কিছুক্ষণ পরই ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : গুয়াহাটি ময়ূর গার্ডেন বহুতল ভবন থেকে পড়ে মৃত্যু হয়েছে নবম শ্রেণির এক ছাত্রের। প্রথমদিকে মৃত ছাত্রের পরিচয় কিংবা কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে স্পষ্ট কোনও তথ্য ছিল না। পরে ভাঙাগড় পুলিশ ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

এই ঘটনার কিছুক্ষণ পরই সামনে আসে আরও একটি চাঞ্চল্যকর ঘটনা। গুয়াহাটির বামুণীমৈদামের পূর্ব জ্যোতিনগরের হালধিমিল এলাকায় একটি বাড়িতে রক্তাক্ত অবস্থায় এক মহিলার পড়ে থাকার খবর পায় চানমারি পুলিশ।

খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাড়ির দরজার লক খুলে চন্দ্রাণী কলিতা নামে ওই মহিলাকে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় পড়েছিলেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, চন্দ্রাণী কলিতার নবম শ্রেণিতে পড়ুয়া ছেলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার পর বাইরে থেকে দরজার হুক লাগিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর কিছু সময়ের মধ্যেই ওই ছাত্রের মৃত্যুর খবর সামনে আসে।

অভিযোগ, মাকে আঘাত করার পর যাতে তিনি অন্য কারও কাছে সাহায্য চাইতে না পারেন, সে জন্য তাঁর মোবাইল ফোনটিও সঙ্গে নিয়ে যায় ছেলে। তবে একই বহুতল ভবনের দ্বিতীয় তলায় বসবাসকারী চন্দ্রাণী কলিতার মা ও বিবাহবিচ্ছিন্না দিদি এই ঘটনা সম্পর্কে কিছুই জানতে পারেননি বলে জানা গিয়েছে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, চন্দ্রাণী কলিতা তাঁর ছেলেকে নিয়ে বহুতল ভবনের তৃতীয় তলায় থাকতেন। অন্যদিকে, তাঁর মা ও বিবাহবিচ্ছিন্না দিদি থাকতেন দ্বিতীয় তলায়। কয়েক বছর আগে চন্দ্রাণী কলিতারও বিবাহবিচ্ছেদ হয়েছিল। এরপর থেকে একাই ছেলেকে লালন-পালন করে বড় করে তুলছিলেন তিনি।

ঘটনার দিন অর্থাৎ শুক্রবারও নিজের অল্টো গাড়িতে করে ছেলেকে স্কুল থেকে বাড়িতে নিয়ে এসেছিলেন চন্দ্রাণী। একই বহুতল ভবনে বসবাস করলেও মা, দুই বোনের মধ্যে তেমন কথাবার্তা ছিল না বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। প্রতিবেশীদের দাবি, দুই পক্ষের মধ্যে প্রায়ই তীব্র বিবাদ ও মনোমালিন্য লেগে থাকত।

কী কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটল, তা নিয়ে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে ফরেনসিক দলের সদস্যরা প্রয়োজনীয় তথ্যপ্রমাণ ও নমুনা সংগ্রহ করেছেন।

তবে এই ঘটনার নেপথ্যে ঠিক কী রহস্য রয়েছে, তা জানতে পুলিশের তদন্তের দিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে। তদন্তের অগ্রগতির পরই ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *