বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : গুয়াহাটি মহানগরীর বামুণীমৈদামের পূর্ব জ্যোতিনগরের হালধি মিল এলাকায় চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। নিজের মাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে গুরুকুলের নবম শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ অনুযায়ী, গীতানগরের গুরুকুলে নবম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্র অরুণাভ কলিতা তার মা চন্দ্রাণী কলিতার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ঘটনার পর ওই ছাত্র নিজের স্কুলের গ্রুপে পুরো বিষয়টি লিখে জানায়।

এদিকে, মাকে আঘাত করার পর ছেলে নিজেও চরম পদক্ষেপ করে বলে জানা গেছে। গুরুতর আহত চন্দ্রাণী কলিতাকে আশঙ্কাজনক অবস্থায় গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (জিএমসিএইচ) ভর্তি করা হয়েছে। কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।



