কাজিরাঙায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু ২৬ জনের, সংখ্যা বাড়ার আশঙ্কা, শোক মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রীর

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : অসমের গোলাঘাট জেলার কাজিরাঙার রঙাজানে ভয়াবহ পথ দুর্ঘটনায় কমপক্ষে ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যাত্রীবাহী একটি ট্র্যাভেলার ও কন্টেনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ট্র্যাভেলারটির চালক আব্দুল মুজিদ ও  হেল্পার সুভাষ দাস রয়েছেন।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করে আহতদের কহরা আদর্শ স্বাস্থ্যকেন্দ্র, বোকাখাত মহকুমা অসামরিক হাসপাতাল এবং গোলাঘাট অসামরিক হাসপাতালে পাঠানো হয়। উন্নত চিকিৎসার জন্য বেশ কয়েকজনকে যোরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (JMCH) স্থানান্তর করা হয়েছে।

আহতদের মধ্যে কাজিরাঙার হারমতির হাফিজা খাতুন, ছোট অভয়াপুরির রঞ্জিত সোনম, নগাঁওয়ের আমনির রাহুল কালান্ধী, কাজিরাঙার জীবন গোয়ালা, আমনির অঞ্জলি গড়, শিবসাগরের মুস্তাকির হুসেন, রাঙামাটির শিব প্রসাদ, নগাঁওয়ের ব্রহ্মপুরের সান্তনা হোজাই, মেথনি চা-বাগানের সবিতা সোনারি, কহরার বিউটি দত্ত এবং দীপেন শইকিয়াকে উন্নত চিকিৎসার জন্য যোরহাটে পাঠানো হয়েছে।

জানা গেছে, এমপি ট্র্যাভেলসের ট্র্যাভেলারটি শুক্রবার ভোর প্রায় ৬টায় নগাঁওয়ের ডিমরুগুড়িতে অবস্থিত ব্লুমিংটন সার্ভিস থেকে যাত্রা শুরু করেছিল। যাত্রা শুরুর সময় গাড়িটি ফাঁকা ছিল। গাড়িটি চালাচ্ছিলেন আব্দুল মুজিদ। দুর্ঘটনায় তাঁরও মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান অসম সরকারের মন্ত্রী অতুল বর। পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকরাও সেখানে উপস্থিত হয়ে উদ্ধারকাজ এবং পরিস্থিতির তদারকি করেন। কীভাবে এই ভয়াবহ সংঘর্ষ ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে, কাজিরাঙার এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, “এই ঘটনায় আমি মর্মাহত। নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

এই ভয়াবহ দুর্ঘটনার পর কাজিরাঙার মধ্য দিয়ে যাওয়া জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই জাতীয় সড়কের ওই অংশ জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। নিয়মিত টোল আদায় করা হলেও জাতীয় সড়ক কর্তৃপক্ষ (NHAI) রাস্তার মেরামতি ও রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে না।

রাস্তার এমন বেহাল অবস্থার কারণে যাতায়াত অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে বলে দাবি স্থানীয়দের। তাঁদের মতে, এই পরিস্থিতি শুধু স্থানীয় মানুষের নিরাপত্তাকেই বিপন্ন করছে না, দেশ-বিদেশের পর্যটকদের কাছে কাজিরাঙার ভাবমূর্তিও ক্ষুণ্ণ করছে।

দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *