দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : শহরের ফুটপাত দখলমুক্ত করতে শিলচর পুরনিগমের নির্ধারিত সময়সীমাকে ঘিরে উদ্বেগ বাড়ছে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে। তবে শহরকে যানজটমুক্ত ও নাগরিকবান্ধব করে তোলার পাশাপাশি ফুটপাতের ব্যবসায়ীদের জীবিকা সুরক্ষিত রাখারও দাবি উঠেছে। উচ্ছেদ অভিযানের আগে তাঁদের জন্য বিকল্প জীবিকা ও পরিকল্পিত পুনর্বাসনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে এবং সমাজকর্মী দীপন ভট্টাচার্য।
শঙ্কর দে বলেন, শহরের বহু ক্ষুদ্র ব্যবসায়ী ফুটপাতে ব্যবসা করেই পরিবারের ভরণপোষণ চালান। তাঁদের বিকল্প আয়ের কোনও ব্যবস্থা নেই। ফলে পুনর্বাসন কিংবা বিকল্প ব্যবসার সুযোগ নিশ্চিত না করে হঠাৎ উচ্ছেদ করা হলে বহু পরিবার আর্থিক সংকটের মুখে পড়বে। তাই বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করে তড়িঘড়ি কোনও সিদ্ধান্ত না নেওয়ার জন্য পুরনিগমের কাছে আবেদন জানান তিনি।

তিনি আরও বলেন, ফুটপাত দখলমুক্ত করার অভিযান কেবল ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না। প্রভাব খাটিয়ে যাঁরা সরকারি জমি ও রাস্তাঘাট দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন, তাঁদের বিরুদ্ধেও নিরপেক্ষভাবে ব্যবস্থা নিতে হবে। আইন প্রয়োগের ক্ষেত্রে সকলের জন্য সমান নীতি অনুসরণের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখতে হবে।
অন্যদিকে, সমাজকর্মী দীপন ভট্টাচার্য্য শিলচর শহরকে যানজটমুক্ত ও ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগকে সমর্থন জানালেও উন্নয়নের নামে ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকা বিপন্ন না করার আহ্বান জানান। তাঁর মতে, ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি হয়ে মেডিক্যাল কলেজ ও এনআইটি পর্যন্ত বিস্তৃত সড়কটি শিলচর তথা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগের পথ। এই সড়কে যানজট নিয়ন্ত্রণ এবং পথচারীদের নির্বিঘ্নে চলাচলের স্বার্থে ফুটপাত দখলমুক্ত করা জরুরি। তবে একই সঙ্গে ব্যবসায়ীদের স্বার্থও সুরক্ষিত রাখতে হবে।

দীপন ভট্টাচার্য উল্লেখ করেন, স্ট্রিট ভেন্ডরস অ্যাক্ট, ২০১৪-এর ১৮ নম্বর ধারায় নির্দিষ্ট ক্ষেত্রে লাইসেন্সপ্রাপ্ত স্ট্রিট ভেন্ডরদের উচ্ছেদ বা স্থানান্তরের আগে এক মাসের নোটিশ দেওয়ার বিধান রয়েছে। তাই সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠন, নাগরিক সমাজ ও বুদ্ধিজীবীদের সঙ্গে আলোচনা করেই পুরনিগমের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা উচিত ছিল বলে তিনি মনে করেন।
সম্প্রতি ফুটপাত ব্যবসায়ীদের অন্নপূর্ণা ঘাটের ওপারে স্থানান্তরের উদ্যোগের খবর প্রকাশ্যে আসার পর এ নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। তাঁর বক্তব্য, সেন্ট্রাল রোড ও হাসপাতাল রোড শিলচরের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। এই ব্যবসায়ীদের শহরের কেন্দ্রস্থল থেকে দূরে সরিয়ে নিয়ে গেলে তাঁরা আগের মতো ক্রেতা পাবেন কি না, তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। তাই শহরের কেন্দ্রস্থলে উপযুক্ত সরকারি জমি চিহ্নিত করে সেখানে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পরিকল্পিত ব্যবসায়িক পরিসর গড়ে তোলার প্রস্তাব দেন তিনি। এতে একদিকে তাঁদের জীবিকা বজায় থাকবে, অন্যদিকে ফুটপাতও দখলমুক্ত রাখা সম্ভব হবে।

শহরের ক্রমবর্ধমান যানজট সমস্যার সমাধানে আধুনিক মাল্টিলেভেল অটোমেটেড পার্কিং ব্যবস্থা গড়ে তোলার ওপরও জোর দেন দীপন ভট্টাচার্য্য। তিনি বলেন, প্রতিদিন শিলচরে নতুন নতুন গাড়ির সংখ্যা বাড়ছে। কিন্তু সেই অনুপাতে পার্কিং পরিকাঠামোর উন্নয়ন হচ্ছে না। শিলংপট্টিতে রাস্তার বড় অংশ গাড়ি পার্কিংয়ের কাজে ব্যবহৃত হওয়ায় যান চলাচলে সমস্যা দেখা দিচ্ছে। অন্যদিকে, গোলদিঘি মলের পার্কিং ব্যবস্থাও শহরের ক্রমবর্ধমান গাড়ির চাপ সামাল দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট নয়।
এই পরিস্থিতিতে শহরের সরকারি জমি-সহ উপযুক্ত স্থান চিহ্নিত করে অল্প জায়গায় অধিক সংখ্যক গাড়ি রাখার সুবিধাযুক্ত আধুনিক মাল্টিলেভেল অটোমেটেড পার্কিং ব্যবস্থা গড়ে তোলার জন্য শিলচর পুরনিগমের প্রতি আহ্বান জানান তিনি।
শঙ্কর দে ও দীপন ভট্টাচার্য্যের মতে, ক্ষুদ্র ব্যবসায়ীদের পরিকল্পিত পুনর্বাসন, ফুটপাত দখলমুক্তকরণ এবং আধুনিক পার্কিং পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ সমন্বিতভাবে বাস্তবায়িত হলে শিলচরকে আরও সুন্দর, সুশৃঙ্খল, যানজটমুক্ত ও নাগরিকবান্ধব শহর হিসেবে গড়ে তোলা সম্ভব। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রানু দত্ত ও সুজিত দেবরায় প্রমুখ।



