শিলচর আশ্রম রোডের রাধাগোবিন্দ লেনে হামলা, চেইন ছিনতাই ও প্রাণনাশের হুমকির

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : শিলচর পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের সৎসঙ্গ আশ্রম রোডের রাধাগোবিন্দ লেন এলাকায় বুধবার গভীর রাতে মারধর, গলার চেইন ছিনতাই ও প্রাণনাশের হুমকির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় জিৎ দাস ও সন্দীপ দাসের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিষহরি দাসের পরিবার।

পরিবারের অভিযোগ, বুধবার রাত আনুমানিক ১টা নাগাদ বিষহরি দাস, তাঁর ছেলে প্রদীপ দাস এবং পুত্রবধূ রীতা দাসের উপর হামলা চালানো হয়। তাঁদের মারধরের পাশাপাশি গলার চেইন ছিনিয়ে নেওয়া হয় এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার পর আক্রান্ত পরিবারের পক্ষে রীতা দাস শিলচর ন্যাশনাল হাইওয়ে থানায় মামলা দায়ের করেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, বিষহরি দাসের মুদির দোকান থেকে নেওয়া সামগ্রীর বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করেই বিবাদের সূত্রপাত। এই বিষয় নিয়ে সন্দীপ দাস, জিৎ দাস ও তাঁদের বোন টিনা দাসের সঙ্গে বচসা হয়। পরিবারের দাবি, এরপর থেকেই কয়েক দিন ধরে তাঁদের বাড়ির চাল লক্ষ্য করে ঢিল ছোড়া হচ্ছিল। বুধবার গভীর রাতে সেই বিবাদ চরম আকার ধারণ করে বলে অভিযোগ। ঘটনার পর আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে বিষহরি দাসের পরিবার। সংবাদমাধ্যমের মাধ্যমে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তাঁরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা সুনিশ্চিত করার আবেদন জানিয়েছেন।

এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং ভবিষ্যতে এ ধরনের অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে আশাবাদী আক্রান্ত পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *