শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : বাড়িতে কেউ না থাকার সুযোগে দরজা ভেঙে ঘরে ঢুকে নগদ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেল চোরের দল। বৃহস্পতিবার গভীর রাতে কাছাড় জেলার কাটিগড়ার কাতিরাইল গ্রামে সংঘটিত এই চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চোরের দলটি নগদ ৪৪ হাজার টাকা ছাড়াও প্রায় ৬ লক্ষ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাতিরাইল গ্রামের প্রয়াত রবীন্দ্র নাথের স্ত্রী শূন্যলতা নাথের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। বাড়িতে কেউ উপস্থিত না থাকার সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর ঘরের বিভিন্ন জিনিসপত্র তছনছ করে নগদ অর্থ ও মূল্যবান স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়ে নির্বিঘ্নে চম্পট দেয়।
পরবর্তীতে চুরির বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকাজুড়ে আতঙ্ক ও চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয়। খবর পেয়ে কাটিগড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় জড়িতদের শনাক্ত কিংবা কাউকে আটক করা সম্ভব হয়েছে কি না, সে সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

পরপর চুরির ঘটনায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। চুরির সঙ্গে জড়িত দুষ্কৃতীদের দ্রুত শনাক্ত করে লুণ্ঠিত সামগ্রী উদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।





