কাঠালতলির হাফিজাবাদ ছবাহি মক্তবে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৪ জুলাই : অসম-ত্রিপুরা সীমান্তবর্তী কাঁঠালতলি এলাকার হাফিজাবাদ ছবাহি মক্তবের উদ্যোগে এবারের ছবাহি মক্তব ফাইনাল পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ছয় শিক্ষার্থীকে সংবর্ধনা ও বিদায় জানানো হয়েছে।শুক্রবার জুমার নামাজের পর হাফিজাবাদ জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ধর্মীয় পরিবেশের পাশাপাশি শিক্ষার গুরুত্ব ও নৈতিক মূল্যবোধ নিয়ে আলোচনা হয়। কাঁঠালতলি আঞ্চলিক এমারতে শরয়িয়াহ ও নদওয়াতুত তামিরের মোলকিন মওলানা শেখ নুর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে অতিথিদের গামোছা পরিয়ে বরণ করা হয়। পরে ্ কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষাও সমান গুরুত্বপূর্ণ। শৈশব থেকেই কোরআন, হাদিস, নামাজ, রোজা, আদব-আখলাক ও ইসলামের মৌলিক শিক্ষা একজন শিশুর চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্বীনি শিক্ষা শুধু ধর্মীয় জ্ঞানই নয়, একজন মানুষকে নৈতিক, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবেও গড়ে তোলে বলে বক্তারা উল্লেখ করেন।

বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে সামাজিক অবক্ষয়, মাদকাসক্তি ও মূল্যবোধের সংকট থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে পরিবারগুলিকে সন্তানদের আধুনিক শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষায়ও গুরুত্ব দিতে হবে। মক্তব ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তারা ভবিষ্যতে উচ্চশিক্ষার পাশাপাশি ইসলামী আদর্শ ও নৈতিক মূল্যবোধ ধারণ করে সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে কৃতী ছয় শিক্ষার্থীর হাতে সংবর্ধনা স্মারক, শুভেচ্ছা উপহার ও সম্মাননা তুলে দেওয়া হয়। একই সঙ্গে হাফিজাবাদ ছবাহি মক্তবের মোয়াল্লিম ও জামে মসজিদের ইমাম হাফিজ জহরুল ইসলামের দীর্ঘদিনের দ্বীনি শিক্ষা বিস্তারে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে বিশেষ সম্মাননা প্রদান করে মসজিদ পরিচালনা কমিটি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা এনামুল হক, মাওলানা রিয়াজুদ্দিন আল-জলিলী, হাফিজ ফয়জুল ইসলাম, মাওলানা মুজির উদ্দিন ও সমাজকর্মী আরিফ উদ্দিন। উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম, হাজি আজির উদ্দিন, আব্দুল রকিব, আজিজুল হকসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, অভিভাবক ও অসংখ্য মুসল্লি। শেষে দেশ, জাতি ও উম্মাহর শান্তি-সমৃদ্ধি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *