পাকিস্তানের মদতে পঞ্জাবে বড়সড় নাশকতার ছক? উদ্ধার RPG-22 রকেট লঞ্চার, গ্রেপ্তার ৭ ‘জঙ্গি’

Spread the news

১২ নভেম্বর : পঞ্জাবে বিধানসভা নির্বাচনের আগে বড়সড় নাশকতার ছক বানচাল। রাজ্যে অস্থিরতা তৈরি করতে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI এবং বিদেশে থাকা জঙ্গি হ্যান্ডলাররা বড়সড় জঙ্গি হামলার পরিকল্পনা তৈরি করেছিল বলে দাবি তদন্তকারীদের। পুলিশ সূত্র উদ্ধৃত করে সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাজ্যের পুলিশ স্টেশন, সরকারি প্রতিষ্ঠান এবং রাজনৈতিক নেতাদের নিশানা করার পরিকল্পনা ছিল জঙ্গিদের। সেই জন্যই পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে ভারতে পাঠানো হয়েছিল RPG-22 অ্যান্টি-ট্যাঙ্ক রকেট লঞ্চার। অমৃতসরে যৌথ অভিযান চালিয়ে সেই অস্ত্র উদ্ধার করেছে পুলিশ ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গ্রেপ্তার করা হয়েছে সাতজনকে, যাদের মধ্যে তিন জন নাবালক।

বৃহস্পতিবার প্রকাশ্যে আসা তদন্তের তথ্য অনুযায়ী, ১০ নভেম্বর অমৃতসর গ্রামীণ পুলিশ ও কেন্দ্রীয় সংস্থার যৌথ অভিযানে এই অস্ত্র ও মাদক পাচার চক্রের পর্দাফাঁস হয়। উদ্ধার হয়েছে একটি RPG-22 Netto রকেট লঞ্চার, দু’টি ৯ এমএম গ্লক পিস্তল, ১০৬টি কার্তুজ, একটি ড্রোন, GPS ট্র্যাকার এবং পাঁচটি মোবাইল ফোন। পাশাপাশি উদ্ধার হয়েছে প্রায় ৭.৯০৪ কেজি হেরোইন, ৫.১৫২ কেজি আফিম এবং ২.৩৪৪ কেজি ICE বা মেথামফেটামিন।

তদন্তকারীদের সন্দেহ, পাকিস্তানের ISI-এর নির্দেশে বিদেশে বসে থাকা হ্যান্ডলাররা এই নাশকতার পরিকল্পনা করেছিল। তাদের মাধ্যমেই সীমান্ত পেরিয়ে অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম ভারতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। ড্রোনের সাহায্যে আন্তর্জাতিক সীমান্তের এ পারে আকাশ থেকে অস্ত্র ও মাদক ফেলে দেওয়া হতো। এর পরে স্থানীয় যুবকদের কাজে লাগিয়ে সেগুলি নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল বলে পুলিশের দাবি। উদ্ধার হওয়া GPS ট্র্যাকার এবং ড্রোনের সূত্র ধরে গোটা সরবরাহ চক্রের সন্ধান চালাচ্ছেন তদন্তকারীরা।

পুলিশের বক্তব্য অনুযায়ী, RPG-22 লঞ্চার উদ্ধার করা হয়েছে গুরকিরপাল সিং ও তার এক নাবালক সহযোগীর কাছ থেকে। অন্য একটি অভিযানে লোপোকে থানা ও BSF যৌথ ভাবে অভিযান চালিয়ে লাভপ্রীত সিংকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে দু’টি গ্লক পিস্তল ও কার্তুজ উদ্ধার হয়েছে। বাকি অভিযানে মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয় বলকর সিং, সুখজিৎ সিং এবং দুই নাবালককে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *