১২ নভেম্বর : সুধাকণ্ঠ ভারতরত্ন ড. ভূপেন হাজরিকার জন্মশতবার্ষিকী উদযাপনের সমাপনী অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে জোরকদমে চলছে প্রস্তুতি। আগামী ২৯ নভেম্বর ২০২৬ তারিখে দেশের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে এই বর্ণাঢ্য সমাপনী মহাসমারোহ। অনুষ্ঠানটির সার্বিক পরিকল্পনা ও ব্যবস্থাপনা চূড়ান্ত করতে বুধবার নয়াদিল্লির অসম হাউসে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক বৈঠক।
বৈঠকে উপস্থিত ছিলেন অসম সরকারের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকার উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া, কৌশিক রায়, অতিরিক্ত মুখ্যসচিব বিশ্বরঞ্জন সামল, কবিতা পদ্মনাভন-সহ বিভিন্ন বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা।

বৈঠকে আগামী ২৯ নভেম্বরের অনুষ্ঠান সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানের পরিকল্পনা, বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়, আমন্ত্রিত অতিথিদের যাতায়াত, আবাসন, আতিথেয়তা এবং যোগাযোগ ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট অতিথি ও প্রতিনিধিদের যাতে কোনও অসুবিধার সম্মুখীন হতে না হয়, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।

এদিনের বৈঠকে ছয় বিধায়ক পবিত্র রাভা, অরূপ কুমার দে, ভিক্টর কুমার দাস, জিবেশ রায়, রূপম চন্দ্র রায় এবং ময়ূর বরগোহাঁই উপস্থিত ছিলেন।



