বেহাল রাস্তা ও ভারতমালা প্রকল্পের নির্মাণকাজে ব্যাহত যান চলাচল, লায়লাপুরে তীব্র যানজট

Spread the news

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : এক পশলা বৃষ্টি নামতেই বেহাল রাস্তা এবং ভারতমালা প্রকল্পের অধীনে চলতে থাকা নির্মাণকাজের জেরে লায়লাপুরে ৩০৬ নম্বর জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই সড়কের বিভিন্ন অংশে যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়। ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে চরম দুর্ভোগের মুখে পড়তে হয় সাধারণ যাত্রী, নিত্যযাত্রী ও পণ্যবাহী গাড়ির চালকদের।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় সড়কের বিভিন্ন অংশের বেহাল পরিকাঠামো এবং ভারতমালা প্রকল্পের নির্মাণকাজের কারণে যান চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে না। এর ফলে সকাল থেকেই ছোট-বড় অসংখ্য যানবাহন দীর্ঘক্ষণ আটকে পড়ে। বিশেষ করে লায়লাপুর হয়ে মিজোরামগামী পণ্যবাহী ট্রাকগুলিকে নিয়ে তৈরি হয়েছে বাড়তি সমস্যা। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন ট্রাকচালক ও পরিবহণ ব্যবসায়ীরা।

গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়কে বারবার যানজটের ঘটনা ঘটলেও যান চলাচল স্বাভাবিক রাখতে কেন পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা।

উন্নয়নের স্বার্থে নির্মাণকাজ জরুরি হলেও তার জেরে সাধারণ মানুষের যাতায়াত যাতে বিপর্যস্ত না হয়, সেদিকে নজর দেওয়ার দাবি উঠেছে। স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের দাবি, দ্রুত রাস্তার নির্মাণকাজ সম্পন্ন করার পাশাপাশি যানজট নিয়ন্ত্রণে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *