মওলানা আবুল কালাম আজাদের ১৩৮তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য, আয়োজিত আলোচনা সভা কংগ্রেসের

Spread the news

বরাক তরঙ্গ, ১১ নভেম্বর : স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী তথা বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী মওলানা আবুল কালাম আজাদের ১৩৮তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় শিক্ষা দিবস পালন করল শিলচর জেলা কংগ্রেস কমিটি। বুধবার জেলা কংগ্রেসের উদ্যোগে শিলচরের ইন্দিরা ভবনে দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে মহান নেতা মওলানা আবুল কালাম আজাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন শিলচর জেলা কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি অরুণ দত্ত মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন মহিলা কংগ্রেস, যুব কংগ্রেস, এনএসইউআই, কংগ্রেস সেবাদলসহ বিভিন্ন শাখা ও বিভাগের প্রতিনিধিবৃন্দ এবং জেলা কংগ্রেসের বিশিষ্ট নেতাকর্মীরা।

এরপর মওলানা আবুল কালাম আজাদের জীবন, কর্ম ও ভারতীয় শিক্ষা ব্যবস্থায় তাঁর অবদান নিয়ে ‘ভারতীয় শিক্ষা ব্যবস্থার পথিকৃৎ’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা কংগ্রেস সভাপতি অরুণ দত্ত মজুমদার।

জেলা সভাপতি অরুণ দত্ত মজুমদারের পৌরোহিত্য আলোচনা সভায় বক্তব্য রাখেন এপিসিসি-র সম্পাদক অভিজিৎ পাল, জেলা কংগ্রেসের কোষাধ্যক্ষ অমিতাভ সেন, অসম প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সঞ্জীব রায়, জেলা সেবাদলের প্রধান আশিস আচার্য, জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, জেলা কিষাণ কংগ্রেসের প্রধান বাবুল আহমদ বড়ভূইয়া। এছাড়াও বক্তব্য রাখেন অশোক বৈদ্য, রাজেশ সিনহা, আব্দুল রাজ্জাক, অমিত বর্ধন, আনসার হুসেন চৌধুরী, সোমনাথ শোম, নিখিলেশ দাস, যশোদা সিনহা, ফাতেমা আল মামুন, আমরুল হক ও সাহাবুদ্দিন আহমেদসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা তাঁদের বক্তব্যে ভারতের স্বাধীনতা আন্দোলনে মওলানা আবুল কালাম আজাদের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হিসেবে তাঁর অবদানের কথা তুলে ধরেন। বিশেষ করে দেশের শিক্ষা ব্যবস্থার ভিত্তি মজবুত করা, শিক্ষার প্রসার এবং আধুনিক শিক্ষাব্যবস্থার বিকাশে তাঁর দূরদর্শী চিন্তাভাবনা ও উদ্যোগের কথা স্মরণ করেন তাঁরা।

সভাপতির বক্তব্যে অরুণ দত্ত মজুমদার জাতীয় শিক্ষা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন। পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে যথাযথ শিক্ষার প্রসারে মওলানা আবুল কালাম আজাদের আদর্শ ও প্রদর্শিত পথ অনুসরণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান শিক্ষাবিদ ও স্বাধীনতা সংগ্রামী মওলানা আবুল কালাম আজাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে শিলচর জেলা কংগ্রেস কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *