১০০ বছর পরেও স্বয়ংসেবকরাই সংঘের প্রকৃত পরিচয়: মোহন ভাগবত

Spread the news

১১ নভেম্বর : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) শতবর্ষের যাত্রায় সংগঠনের প্রকৃত পরিচয় হয়ে উঠেছেন স্বয়ংসেবকরাই। প্রতিষ্ঠার ১০০ বছর পরেও তাঁদের মাধ্যমেই সংঘের আদর্শ ও পরিচয় বহন করা হচ্ছে। এমন মন্তব্য করেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত।

মহারাষ্ট্রের নাগপুরে নাগপুর নাগরিক সহকারী ব্যাঙ্ক লিমিটেডের সংস্কার করা প্রধান কার্যালয়ে নবনির্মিত অডিটোরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি সংঘের প্রাথমিক দিনের একটি ঘটনার স্মৃতিচারণ করেন।

ভাগবত জানান, ১৯৩০-এর দশকে সেন্ট্রাল প্রভিন্সের বিধানসভায় প্রথমবারের মতো সংঘের উপর নিষেধাজ্ঞা জারির উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই সময় সংঘের পক্ষে কথা বলার মতো কোনও স্বয়ংসেবক কিংবা সংগঠনের আদর্শের সমর্থনে এগিয়ে আসার মতো কেউ ছিলেন না। কিন্তু ওই পরিস্থিতিতে ইব্রাহিম নামে এক ব্যক্তি সংঘের সমর্থনে বক্তব্য রেখেছিলেন।

মোহন ভাগবতের কথায়, ইব্রাহিম স্পষ্টভাবে বলেছিলেন, সংঘকে বন্ধ করা উচিত নয় এবং সংগঠনটি সাম্প্রদায়িক নয়। এমনকী হিন্দুস্তানকে হিন্দু রাষ্ট্র হিসেবে অভিহিত করার বিরোধিতা করে তিনি মন্তব্য করেছিলেন, এ ধরনের ধারণার সমর্থকদের মানসিক হাসপাতালে পাঠানো উচিত বলে তাঁর মনে হয়। তবে ড. কেশব বলিরাম হেডগেওয়ারকে ব্যক্তিগতভাবে চেনার কথা উল্লেখ করে তিনি বলেছিলেন, হেডগেওয়ার মানসিক ভারসাম্যহীন নন, বরং একজন ভালো মানুষ। তাই সংঘকে সাম্প্রদায়িক বলা যায় না।

ভাগবত আরও বলেন, সংঘ প্রতিষ্ঠার সময় সংগঠনটি খুব বেশি পরিচিতি লাভ করেনি। তবে প্রতিষ্ঠাতা ড. হেডগেওয়ারকে অনেকেই চিনতেন। সংঘের যাত্রা শুরুর পর থেকেই স্বয়ংসেবকরাই সংগঠনের পরিচয় হয়ে উঠেছেন। আজ এক শতাব্দী পেরিয়েও সেই স্বয়ংসেবকরাই সংঘের প্রকৃত পরিচয় বহন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *