জুয়াখেলাকে কেন্দ্র করে পুরনো বিবাদের জের, উধারবন্দের পানগ্রামে দুই পক্ষের সংঘর্ষে আহত চার

Spread the news

বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : জুয়াখেলাকে কেন্দ্র করে পুরনো বিবাদের জেরে দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল উধারবন্দের পানগ্রাম এলাকা। বচসা থেকে হাতাহাতি ও মারপিটের ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরসিংগা চা বাগানে জুয়াখেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বিবাদের সূত্রপাত হয়। সেই পুরনো বিবাদের জের ধরেই ফের উত্তেজনা ছড়ায় এবং উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনার খবর পেয়ে উধারবন্দ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই সংঘর্ষের জেরে পানগ্রাম এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতির অবনতির আশঙ্কায় এলাকার একাধিক দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

এদিকে, বিবাদের নিষ্পত্তি ঘটাতে উদ্যোগী হন জেলা পরিষদ সদস্য রোহিত সিং-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। তাঁদের উদ্যোগে উধারবন্দ থানার ভিডিপি সভাকক্ষে দুই পক্ষকে নিয়ে একটি মীমাংসা বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘক্ষণ ধরে আলোচনা চললেও শেষ পর্যন্ত কোনও সমাধানসূত্র বেরিয়ে আসেনি। আগামীকাল ফের দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসার কথা রয়েছে।

অন্যদিকে, সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উধারবন্দ থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ ঘটনার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *