বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : কৃষ্ণকান্ত হ্যান্ডিকুই স্টেট ওপেন ইউনিভার্সিটি (KKHSOU)-এর অধীন জনতা কলেজ, কাবুগঞ্জ স্টাডি সেন্টারের উদ্যোগে মঙ্গলবার জুলাই সেশন ২০২৬-এর নবভর্তি স্নাতক, স্নাতকোত্তর ও ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থীদের নিয়ে এক ইন্ডাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। কলেজের হল নং ১-এ দুপুর ১টায় আয়োজিত এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা, পাঠক্রম, পরীক্ষা পদ্ধতি এবং ওপেন এণ্ড ডিস্টেন্স লার্ণিং (ODL) পদ্ধতির বিভিন্ন দিক সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা।

অনুষ্ঠানের সূচনা করেন জনতা কলেজ KKHSOU স্টাডি সেন্টারের সমন্বয়ক ড. সত্যজিৎ কুমার। উদ্বোধনী বক্তব্যে তিনি নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ইন্ডাকশন প্রোগ্রামের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। KKHSOU-র শিক্ষাব্যবস্থা, একাডেমিক কার্যক্রম এবং দূরশিক্ষার মাধ্যমে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ-সুবিধা সম্পর্কে তিনি শিক্ষার্থীদের অবহিত করেন। এরপর অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনতা কলেজের অধ্যক্ষ তথা সেন্টার ইনচার্জ ড. দেবাশিস পাল। তিনি শিক্ষার্থীদের নিষ্ঠা, একাগ্রতা ও আত্মনিয়ন্ত্রণের সঙ্গে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। উচ্চশিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও একাডেমিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের পরামর্শ দেন। পাশাপাশি কলেজ ও স্টাডি সেন্টারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জনতা কলেজের গ্রন্থাগারিক এবং KKHSOU স্টাডি সেন্টারের প্রাক্তন সমন্বয়ক ড. প্রদীপ কুমার সিংহ। তিনি স্টাডি সেন্টারের কার্যক্রম ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শিক্ষা-সহায়ক উপকরণের যথাযথ ব্যবহার এবং সময়ানুবর্তিতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল KKHSOU-র সমন্বয়ক ড. সত্যজিৎ কুমারের পরিচালনায় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং K-Connect মোবাইল অ্যাপ্লিকেশন সম্পর্কে একটি ব্যবহারিক প্রদর্শনী। এই পর্বে শিক্ষার্থীদের অনলাইন স্টুডেন্ট লগইন, অ্যাসাইনমেন্ট খুঁজে বের করা ও জমা দেওয়ার পদ্ধতি, ডিজিটাল স্টাডি মেটেরিয়াল বা সেল্ফ লার্ণিং মেটেরিয়াল (SLMs) সংগ্রহ, পরীক্ষার ফর্ম পূরণ, অ্যাডমিট কার্ড ডাউনলোড, ফলাফল দেখা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিজ্ঞপ্তি ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পদ্ধতি হাতে-কলমে বুঝিয়ে দেওয়া হয়। এর ফলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল পরিষেবাগুলি ব্যবহার করে নিজেদের শিক্ষাসংক্রান্ত কাজ সহজে সম্পন্ন করার বিষয়ে বাস্তব ধারণা লাভ করেন। উল্লেখ্য, KKHSOU-র নির্দেশিকা অনুযায়ী আয়োজিত এই ইন্ডাকশন প্রোগ্রাম নবাগত শিক্ষার্থীদের কাছে দূরশিক্ষা ব্যবস্থার বিভিন্ন নিয়মকানুন, একাডেমিক দায়িত্ব ও সুযোগ-সুবিধা সম্পর্কে স্পষ্ট ধারণা লাভের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে বিবেচিত হয়। বক্তাদের মূল্যবান পরামর্শ ও ব্যবহারিক প্রদর্শনী শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে । জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।



