মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : সাহিত্য, সংস্কৃতি, মানবতা ও বিশ্বসম্প্রীতির বার্তা নিয়ে আগামী ১২ নভেম্বর শ্রীভূমি জেলার আছিমগঞ্জে অনুষ্ঠিত হতে চলেছে সাত দেশের আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক মহাসম্মেলন। বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদের উদ্যোগে আয়োজিত এই মহাসম্মেলনে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, রোমানিয়া, ব্রাজিল ও মায়ান্মারের প্রায় পাঁচ শতাধিক কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষাবিদ, মানবাধিকার কর্মী ও সঙ্গীতশিল্পীর অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।

সকাল ৯টায় অনুষ্ঠানের সূচনা হবে গীতা, কোরান, বাইবেল ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে। ধর্ম-বর্ণ-ভাষার ঊর্ধ্বে উঠে মানবিক মূল্যবোধ, ধর্মীয় সম্প্রীতি ও বিশ্বভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য। দুই পর্বে অনুষ্ঠিত হবে মূল অধিবেশন। প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, কবি ও গবেষক ড. পুষ্পেন রায়। প্রধান আলোচক হিসেবে থাকবেন নেপালের ড. ইশতিয়াক আহমদ। দ্বিতীয় পর্বে প্রধান অতিথি থাকবেন শিক্ষাবিদ ড. জয়ন্ত নাথ এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আমেরিকা প্রবাসী সমাজসেবী, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো. মুর্শিদ উজ জামান।

সম্মেলনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক বিশেষ সেমিনার। পাশাপাশি সাহিত্য, সমাজসেবা ও মানবকল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হবে লালন ফকির আন্তর্জাতিক স্মারক পুরস্কার, আন্তর্জাতিক স্বর্ণপদক এবং মায়ারানি দেবী আন্তর্জাতিক স্বর্ণপদক ও স্মারক সম্মাননা।

সন্ধ্যা ৫টা থেকে শুরু হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। কলকাতা, গুয়াহাটি, বাংলাদেশ, নেপাল, ভুটান ও আগরতলা থেকে আগত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। এই অনুষ্ঠানে অন্তত ১০ হাজার মানুষের সমাগম হবে বলে আশা প্রকাশ করেছেন পরিষদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক বিষ্ণুপদ দাস।
মহাসম্মেলনে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, পাথারকান্দি সমজেলার কমিশনার ত্রিদিব রায়-সহ প্রশাসন ও পুলিশ বিভাগের পদস্থ আধিকারিকদের উপস্থিত থাকার কথা রয়েছে। সম্মেলনকে সফল করে তুলতে এলাকার সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করেছেন বিষ্ণুপদ দাস।



