সিন্ডিকেটে জড়িত থাকার অভিযোগে আতঙ্কে একাংশ কর্মী, নজরদারিতে আরও পাঁচজন
বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : আর্থিক অনিয়মের অভিযোগে সাসপেন্ড হলেন শিলচর পুর নিগমের সুপারিনটেনডেন্ট অব অ্যাকাউন্টস রাজু দে। পুর নিগমের কমিশনার অঙ্কুর দাস এক নির্দেশ জারি করে তাঁকে সাসপেন্ড করেছেন। পুর নিগমের অন্দরে দীর্ঘদিন ধরে চলা কথিত আর্থিক অনিয়ম ও সিন্ডিকেট-রাজের বিরুদ্ধে এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজু দে-র সাসপেনশনের পর কথিত সিন্ডিকেটের সঙ্গে যুক্ত অন্যান্য কর্মীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে বলে বিভিন্ন সূত্রের দাবি।

বিশেষ সূত্রে জানা গেছে, পুর নিগমের কর্মচারীদের বেতন বাবদ বরাদ্দ অর্থ থেকে শুরু করে গত কয়েক বছরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যয়ের হিসাব যথাযথভাবে পেশ করতে ব্যর্থ হয়েছেন রাজু দে। প্রাথমিকভাবে নথিপত্র যাচাই করতে গিয়ে একাধিক আর্থিক অসঙ্গতি সামনে এসেছে বলে দাবি করা হয়েছে। এমনকী, কর্মীদের বেতন বাবদ প্রকৃত প্রয়োজনের তুলনায় কাগজে-কলমে অনেক বেশি অর্থ দেখানোর অভিযোগও উঠেছে।
রাজু দে-র নিযুক্তি নিয়েও রয়েছে একাধিক প্রশ্ন। জানা গেছে, তিনি মূলত পুর নিগমের অধীন গোলদিঘী ম্যানেজমেন্ট কমিটির কর্মী ছিলেন। তৎকালীন নির্বাহী আধিকারিক সুমিত সাত্তাওয়ানের সময়ে অ্যাকাউন্টস সংক্রান্ত কাজে তাঁর দক্ষতার কারণে নিগমের কাজে সহযোগিতার জন্য তাঁকে নিয়ে আসা হয়। পরবর্তীতে কীভাবে তিনি সরাসরি পুর নিগমের কর্মী হয়ে সুপারিনটেনডেন্ট অব অ্যাকাউন্টসের মতো গুরুত্বপূর্ণ পদে আসীন হলেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

বিভিন্ন সূত্রের দাবি, পুর নিগমের এক ইঞ্জিনিয়ার, যানবাহন বিভাগের সঙ্গে যুক্ত এক কর্মী, বাজার শাখার দুই-তিনজন কর্মীসহ আরও কয়েকজনকে নিয়ে দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট সক্রিয় ছিল। অভিযোগ, এই গোষ্ঠীর প্রভাবেই অস্থায়ীভাবে অ্যাকাউন্টসের কাজে সহযোগিতার জন্য নিয়ে আসা রাজু দে পরবর্তীতে গুরুত্বপূর্ণ পদে বসার সুযোগ পান। তাঁকে ওই পদে বসানোর পর সিন্ডিকেটের কথিত অনৈতিক কর্মকাণ্ড আরও সহজ হয়ে ওঠে বলেও অভিযোগ।
সম্প্রতি জেলা কমিশনারের কার্যালয়ে আবাসন ও নগরোন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় পুর নিগমের মেয়র ও ডেপুটি মেয়রকে নিয়ে এক বৈঠকে বসেন। বৈঠকে নিগমের বিভিন্ন কাজকর্ম ও আর্থিক ব্যবস্থাপনা খতিয়ে দেখার সময় ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অফিসার (এফএমও) দেবাশিস শইকিয়ার ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হয় বলে জানা গেছে। ওই বৈঠকে রাজু দে-র কাজকর্ম নিয়েও আলোচনা হয়েছিল। একটি সূত্রের দাবি, রাজুর কথিত অনিয়মের জেরেই এফএমও দেবাশিস শইকিয়াকে মন্ত্রীর প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। সেই বৈঠকেই রাজুর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ইঙ্গিত মিলেছিল। অবশেষে কার্যকর হল সাসপেনশনের নির্দেশ।

এদিকে, রাজু দে-র বিরুদ্ধে পদক্ষেপের পর কথিত সিন্ডিকেটের সঙ্গে যুক্ত আরও কয়েকজন কর্মী এখন নজরদারিতে রয়েছেন বলে খবর। পুর নিগমের এক ইঞ্জিনিয়ার ও যানবাহন বিভাগের এক কর্মীসহ মোট পাঁচজনের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের দাবি। তাঁদের বিরুদ্ধেও যে কোনও সময় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জল্পনা ছড়িয়েছে।
রাজু দে-র বিরুদ্ধে ওঠা আর্থিক অসঙ্গতির অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত করে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে এগজিকিউটিভ অফিসার অভিজিৎ বে এবং ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অফিসার দেবাশিস শইকিয়াকে। সূত্রের দাবি, পুরকর্মীদের বেতন বাবদ প্রকৃত প্রয়োজনীয় অর্থের তুলনায় নথিতে অনেক বেশি পরিমাণ অর্থ দেখানো হয়েছে। প্রাথমিক যাচাইয়ে হিসাবের একাধিক গরমিল ধরা পড়েছে। পূর্ণাঙ্গ তদন্তে আরও নানা তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
শুধু রাজু দে-র নিযুক্তি নয়, পুর নিগমের আরও কয়েকজন প্রভাবশালী কর্মীর নিয়োগ নিয়েও প্রশ্ন উঠেছে। তাঁদের নিয়োগ প্রক্রিয়া খতিয়ে দেখা হলে আরও অনেকের ভূমিকা সামনে আসতে পারে বলে সূত্রের দাবি। পাশাপাশি, অতীতে নির্বাহী আধিকারিকের দায়িত্ব পালন করা কয়েকজনের ভূমিকা নিয়েও সংশয় প্রকাশ করেছেন ওই সূত্র।



