দীপাবলির দিনেও তিনখাল সেতু পরিদর্শনে NHIDCL-এর বিশেষজ্ঞ দল, দ্রুত সংস্কারের আশ্বাস

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৯ নভেম্বর : দীপাবলির উৎসবের আনন্দের মধ্যেও জননিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে গুরুত্বপূর্ণ তিনখাল সেতুর পরিকাঠামোগত অবস্থা খতিয়ে দেখতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল পাথারকান্দি সমজেলা প্রশাসন। সমজেলা কমিশনার ত্রিদিব রায়ের তৎপরতায় রবিবার সেতুটি সরেজমিনে পরিদর্শন করলেন ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের (NHIDCL) গুয়াহাটির বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারিং দল।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই তিনখাল সেতুর কাঠামোগত অবস্থা ও নিরাপত্তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছিল। প্রতিদিন অসংখ্য যানবাহন ও সাধারণ মানুষ এই সেতুর উপর দিয়ে যাতায়াত করায় দ্রুত প্রয়োজনীয় সংস্কারের দাবি উঠছিল। বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে সমজেলা কমিশনার ত্রিদিব রায় NHIDCL-এর বিশেষজ্ঞ দলকে দিয়ে সেতুটি পরীক্ষা করানোর উদ্যোগ নেন।

দীপাবলির মতো উৎসবের দিনেও বিশেষজ্ঞ ইঞ্জিনিয়াররা সেতুর বিভিন্ন অংশ, কাঠামোগত অবস্থা এবং সম্ভাব্য ত্রুটিবিচ্যুতি খুঁটিয়ে পরীক্ষা করেন। প্রাথমিক পর্যবেক্ষণে সেতুটিতে বড় ধরনের কোনও অবনমন বা ডিপ্রেশন ধরা পড়েনি বলে জানা গেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে সেতুর সামগ্রিক অবস্থা নিয়ে বিস্তারিত প্রযুক্তিগত মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

এই মূল্যায়নের ভিত্তিতেই প্রয়োজনীয় মেরামতি ও সংস্কারের বিষয়ে সুপারিশ তৈরি করা হবে। আগামী কয়েক দিনের মধ্যে NHIDCL কর্তৃপক্ষ প্রয়োজনীয় সংস্কারের কাজ শুরু করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

প্রশাসনের এই তৎপরতায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। তাঁদের প্রত্যাশা, শুধু পরিদর্শনেই উদ্যোগ সীমাবদ্ধ না রেখে দ্রুত প্রয়োজনীয় মেরামতির কাজ সম্পন্ন করা হবে। কারণ, আসাম-ত্রিপুরা যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কে তিনখাল সেতুর নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *