৯ নভেম্বর : ইয়েমেনে আটকে পড়া ১৯ জন ভারতীয় নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। রবিবার ইয়েমেনের ভারতীয় দূতাবাসের তরফে এ কথা জানানো হয়েছে। একটি এক্স পোস্টে ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে যে, ওই ১৯ জন ভারতীয় নাবিক ইয়েমেনের হোদেইদাহ এবং সানায়া শহরে আটকে পড়েছিলেন।
এক্স পোস্টে ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে যে, ইয়েমেন ও সৌদির মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে ১৯ জন নাবিক-সহ একটি নৌকা লোহিত সাগরে ডুবে যায়।

তাঁদের উদ্ধার করে ইয়েমেনে আটকে রাখা হয়েছিল। দু’সপ্তাহেরও বেশি সময় তাঁরা ইয়েমেনের সানায়া এবং হোদেইদাহ শহরে আটকে ছিলেন। রবিবার তাঁদের নিরাপদে ভারতে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ওই ভারতীয় নাবিকদের দেশে ফেরাতে যাঁরা সাহায্য করেছেন, তাঁদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানিয়েছে ভারতীয় দূতাবাস।

ঘটনার সূত্রপাত ২৩ অক্টোবর। জানা গিয়েছে, ভারতীয় নাবিকদের নিয়ে একটি জাহাজ ইয়েমেনের হোদেইদাহ শহরের কাছে হামলার শিকার হয়। হুথি মুখপাত্র ইয়াহা সারি দাবি করেন, ইউগার দ্বীপের কাছে রেড সিতে ওই জাহাজে হামলা চালানো হয়। হুথি বাহিনী তাঁদের উদ্ধার করে বলে জানিয়েছেন ইয়াহা।

প্রসঙ্গত, সৌদি আরব এবং ইয়েমেনের মধ্যে ক্রমশই বাড়ছে যুদ্ধের ঝাঁজ। কয়েক দিন আগেই সৌদি ইয়েমেনের ছোড়া ড্রোন এবং ক্ষেপনাস্ত্র রুখে দিয়েছে। অন্য দিকে সৌদির তরফে ইয়েমেনের একাধিক জায়গায় হামলা চালানো হয়েছে।



