দীপাবলিতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল যুবকের

Spread the news

বরাক তরঙ্গ, ৯ নভেম্বর : দীপাবলির আনন্দে শামিল হতে যাওয়ার পথেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বিশালগড়ের এক যুবক। মৃত যুবকের নাম প্রশান্ত ভৌমিক (১৯)। এই ঘটনায় বিশালগড়ের পুরাথল রাজনগর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, দীপাবলি উপলক্ষে যাওয়ার সময় বিশ্রামগঞ্জ থানার সামনে জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকসহ রাস্তার পাশের খাদে পড়ে যান প্রশান্ত। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত প্রশান্ত ভৌমিক বিশালগড়ের পুরাথল রাজনগর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম উত্তম ভৌমিক। পেশায় তিনি একজন বাইক মেকানিক ছিলেন।

তরতাজা এক যুবকের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন ও আত্মীয়স্বজনের মধ্যে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। শোকস্তব্ধ হয়ে পড়েছেন এলাকার মানুষজনও। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *