৯ নভেম্বর : ইরানের সঙ্গে চলমান যুদ্ধের উত্তেজনা আর বাড়ানোর কোনও প্রয়োজন দেখছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পরিস্থিতির প্রয়োজন হলে ইরানের কথিত পারমাণবিক স্থাপনায় দ্রুত সামরিক অভিযান চালানোর সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে বলেও দাবি করেছেন তিনি। নিজ দলের নির্বাচনে পরাজয়ের পর প্রথমবারের মতো সিবিএস নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।

সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেন, ইরানের সঙ্গে যুদ্ধের বিষয়টি ভোটাররা পছন্দ করেননি। পাশাপাশি জ্বালানির মূল্যবৃদ্ধিও সাধারণ মানুষের অসন্তোষের অন্যতম কারণ ছিল। তাঁর দাবি, আশ্চর্যজনকভাবে ইজরায়েলের প্রতিও মানুষের মধ্যে ব্যাপক বিরূপ মনোভাব তৈরি হয়েছে।
এদিকে, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘আমরা দু’টি যুদ্ধে জয়ী হয়েছি।’ ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার সম্ভাবনা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি আর উত্তেজনা বাড়াতে চান না। তাঁর দাবি, ইরানের হাতে এখন তেমন কিছু অবশিষ্ট নেই। দেশটির পারমাণবিক উপাদান হাজার হাজার টন পাথরের নিচে চাপা পড়ে রয়েছে।

ইরানের কথিত পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এর বর্তমান পরিস্থিতি সম্পর্কে ট্রাম্প জানান, সেখানে খুব সামান্য তৎপরতা লক্ষ্য করা গেছে। তবে প্রয়োজন দেখা দিলে এক ঘণ্টার মধ্যেই ওই স্থাপনায় অভিযান চালানো সম্ভব বলে দাবি করেন তিনি। ট্রাম্পের কথায়, ‘এই মুহূর্তে পিকঅ্যাক্সে অভিযান চালানোর প্রয়োজন নেই। তবে প্রয়োজন হলে এক ঘণ্টার মধ্যেই তা সম্পন্ন করতে পারব।’
অন্যদিকে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি এখনও উন্মুক্ত রয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। তাঁর বক্তব্য, ওই পথে জাহাজ চলাচল অব্যাহত রয়েছে।

হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর জাহাজের নিরাপত্তা পাহারার ব্যয়ভার প্রসঙ্গে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, যেসব দেশকে যুক্তরাষ্ট্র নিরাপত্তা দিয়েছে, যুদ্ধের পেছনে হওয়া যাবতীয় ব্যয় তাদেরই বহন করতে হবে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমরা না থাকলে ওই দেশগুলোর অস্তিত্বই থাকত না। আমরা না থাকলে ইসরাইলেরও অস্তিত্ব থাকত না।’
সূত্র: আলজাজিরা



